সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

জামায়াত আমিরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৫, ২০২৬, ১২:৫১ পিএম

জামায়াত আমিরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। আজ রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বৈঠকে ব্রিটিশ হাইকমিশনের পক্ষে হাইকমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান, হেড অব পলিটিক্যাল টিমোথি ডাকেট এবং সেকেন্ড সেক্রেটারি (পলিটিক্যাল) কেট ওয়ার্ড। 

অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষই আশা প্রকাশ করেন যে, একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী হবে এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে।

জামায়াত আমিরের সঙ্গে বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন এবং আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান। 

বৈঠকে কেবল নির্বাচন নয়, বরং বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য এবং উন্নয়নমূলক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও গতিশীল ও শক্তিশালী করার ব্যাপারে একমত পোষণ করেন।