জানুয়ারি ২৬, ২০২৬, ০৯:২২ পিএম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ওপর হামলা ও অপদস্থ করার অভিযোগ তুলেছেন দলটির সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। আজ সোমবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
জুবায়ের অভিযোগ করেন, প্রচারণার সময় নারী কর্মীদের নেকাব খোলার জন্য চাপ দেওয়া এবং মোবাইল ছিনিয়ে নেওয়ার মতো লজ্জাজনক ঘটনা ঘটছে।
জামায়াত নেতা বলেন, "দেশের অর্ধেক ভোটার নারী এবং তারা নারী কর্মীদের সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। কিন্তু একটি বিশেষ দলের পক্ষ থেকে আমাদের নারী কর্মীদের ওপর যেভাবে আক্রমণ করা হচ্ছে, তাতে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। তিনি আরও জানান, স্থানীয় পর্যায়ে অভিযোগ দিলেও আইনশৃঙ্খলা বাহিনী আশানুরূপ ভূমিকা পালন করছে না।
শিক্ষকদের বিষয়ে তিনি বলেন, অনেক জায়গায় এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে এবং জরিমানা করা হচ্ছে, যা আইনত ভিত্তিহীন। ইসি এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।জামায়াত থেকে কেন কোনো নারী প্রার্থী দেওয়া হয়নি—এমন প্রশ্নের জবাবে জুবায়ের বলেন, আমাদের দলে প্রায় ৪০ শতাংশ নারী কর্মী রয়েছেন। তবে জামায়াতের রাজনৈতিক সংস্কৃতিতে কেউ নিজে থেকে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন না।
পুরুষের ক্ষেত্রে দলের সিদ্ধান্ত মেনে নেওয়া বাধ্যতামূলক হলেও নারীদের ক্ষেত্রে পারিবারিক ও সামগ্রিক বাস্তবতার ওপর ভিত্তি করে সিদ্ধান্তটি তাদের নিজেদের ওপর ছেড়ে দেওয়া হয়।" তিনি আরও জানান, ভবিষ্যতে জামায়াত থেকে নারী প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে।
নারীদের মাধ্যমে ভোটারদের এনআইডি কার্ড সংগ্রহ করার অভিযোগটি ভিত্তিহীন বলে দাবি করেন এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, তরুণ ও নারী সমাজের মধ্যে জামায়াতের অভাবনীয় সমর্থন তৈরি হওয়ায় একটি বড় দল ঈর্ষান্বিত হয়ে এ ধরনের অপপ্রচার ও হামলা চালাচ্ছে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে তিনি ইসির কঠোর হস্তক্ষেপ কামনা করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন