সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

রাজশাহীতে পৌঁছেছেন তারেক রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৯, ২০২৬, ০২:০৩ পিএম

রাজশাহীতে পৌঁছেছেন তারেক রহমান

নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে উত্তরবঙ্গ সফরে রাজশাহীতে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টা ১৮ মিনিটের দিকে একটি বিশেষ ফ্লাইটে তিনি রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর থেকে তিনি সড়কপথে রাজশাহী শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তার আগমনকে কেন্দ্র করে পুরো রাজশাহী বিভাগজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

তারেক রহমানের আজকের কর্মসূচির মধ্যে রয়েছে দুপুর দেড়টায় হযরত শাহ মখদুম (রহ.)-এর পবিত্র মাজার জিয়ারত। এরপর দুপুর ২টায় ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি। 

এই জনসভায় যোগ দিতে সকাল থেকেই রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে হাজার হাজার নেতাকর্মী ব্যানার-ফেস্টুন নিয়ে মাদ্রাসা ময়দানে সমবেত হয়েছেন। তিল ধারণের জায়গা নেই মাঠ ও আশপাশের এলাকাগুলোতে; অনেক সমর্থককে গাছ ও উঁচু দালানে উঠে নেতার অপেক্ষায় থাকতে দেখা গেছে।

রাজশাহীর জনসভা শেষ করে বিকেল সাড়ে ৫টায় তিনি নওগাঁর এটিএম মাঠে এবং সন্ধ্যা সাড়ে ৭টায় নিজ জেলা বগুড়ার আলফাতুন্নেসা খেলার মাঠে দুটি পৃথক নির্বাচনি সমাবেশে বক্তব্য দেবেন। বগুড়ায় জনসভা শেষে তিনি স্থানীয় হোটেল নাজ গার্ডেনে রাত্রিযাপন করবেন।

জনসভা ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। মাদ্রাসা ময়দান ও এর আশপাশে পুলিশ, র‍্যাব ও বিজিবির বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানোর পাশাপাশি আকাশে ড্রোন উড়িয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সকাল থেকেই কোরআন তেলাওয়াতের মাধ্যমে জনসভার আনুষ্ঠানিকতা শুরু হয় এবং সংসদ সদস্য প্রার্থীদের উপস্থিতিতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।