জানুয়ারি ২৯, ২০২৬, ০৬:২০ পিএম
দীর্ঘ দুই দশক পর নওগাঁয় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি জনসভাকে কেন্দ্র করে অভূতপূর্ব সাড়া দেখা গেছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় তারেক রহমানের ভাষণ দেওয়ার কথা থাকলেও দুপুর থেকেই নওগাঁ শহরের এটিএম মাঠ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। জনসভাস্থল ছাপিয়ে ভিড় ছড়িয়ে পড়েছে শহরের প্রধান প্রধান সড়কগুলোতে।
তারেক রহমানের এই সফরকে ঘিরে নওগাঁর ১১টি উপজেলা এবং পার্শ্ববর্তী জয়পুরহাট জেলা থেকে হাজার হাজার নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরে প্রবেশ করেছেন।
ঢাকঢোল পিটিয়ে, ব্যানার-ফেস্টুন ও ধানের শীষের লোগো সংবলিত ক্যাপ পরে তারা সমাবেশে যোগ দেন। অনেক নেতাকর্মীকে ফজরের নামাজের পর থেকেই দূর-দূরান্ত থেকে হেঁটে আসতে দেখা গেছে। জনসভা শুরুর আগেই এটিএম মাঠ স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে।
মাঠে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রত্যাশা দেখা গেছে। নেতাকর্মীরা আশা করছেন, তারেক রহমান এই জনসভা থেকে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে আবারও ‘জিরো টলারেন্স’ ঘোষণা করবেন এবং নওগাঁর উন্নয়নে বিশেষ প্রতিশ্রুতি দেবেন। এক তরুণ সমর্থক জানান, “তারেক রহমানকে একনজর দেখা এবং তার মুখ থেকে আগামীর বাংলাদেশের রূপরেখা শোনার জন্য আমাদের এই দীর্ঘ অপেক্ষা।
তারেক রহমান মঞ্চে পৌঁছানোর আগে স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিএনপি নেতারা বক্তব্য রাখেন। তারা নওগাঁ ও জয়পুরহাট জেলার ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং সব ষড়যন্ত্র মোকাবিলায় ভোটারদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জনসভা ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, রাজশাহীর জনসভা শেষ করে সড়কপথে নওগাঁ পৌঁছেছেন তারেক রহমান এবং এখান থেকে তিনি নিজ নির্বাচনি এলাকা বগুড়ার উদ্দেশ্যে রওনা হবেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন