শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,

বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা আজ

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১০:৪৪ এএম

বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা আজ

আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বহুল প্রতীক্ষিত নির্বাচনি ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ের বলরুমে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই ইশতেহার তুলে ধরা হবে। 

বিএনপির ইতিহাসে এবারই প্রথমবারের মতো দলের চেয়ারম্যান হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সঞ্চালনা করবেন জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, এবারের ইশতেহারে ‘জনগণের ক্ষমতায়ন’ এবং ‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে’ সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে। এছাড়া জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও রাষ্ট্রকাঠামো সংস্কারের জন্য আগে ঘোষিত ৩১ দফার আধুনিক ও যুগোপযোগী সংস্করণ এই ইশতেহারে স্থান পেতে পারে। 

শিক্ষা, কৃষি, স্বাস্থ্য ও বিশেষ করে তরুণ প্রজন্মের কর্মসংস্থানের জন্য এক কোটি নতুন চাকুরির সুনির্দিষ্ট রূপরেখা থাকবে বলে আভাস পাওয়া গেছে। বিএনপি নেতা মাহদী আমিন জানিয়েছেন, তৃণমূল থেকে সাধারণ মানুষের মতামত সংগ্রহ করে একটি বাস্তবমুখী ও টেকসই উন্নয়নের পরিকল্পনা সাজানো হয়েছে যেখানে সুশাসন ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি থাকবে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত এই প্রথম নির্বাচনি ইশতেহারটি বিএনপির জন্য একটি বড় মাইলফলক। 

এর আগে ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রতিটি নির্বাচনে দলের নেতৃত্ব দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। ২০১৮ সালের একাদশ নির্বাচনে তিনি কারাবন্দি থাকায় মহাসচিব মির্জা ফখরুল ইশতেহার পাঠ করেছিলেন। এবারের ইশতেহারের মাধ্যমে নতুন প্রজন্মের ভোটারদের আকৃষ্ট করার পাশাপাশি আগামীর ‘স্মার্ট ও গণতান্ত্রিক’ বাংলাদেশের একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ জাতির সামনে উপস্থাপন করবেন তারেক রহমান। অনুষ্ঠানের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিদেশি কূটনীতিকদের সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে।