ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১১:২১ এএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের জন্য এক যুগান্তকারী ও উন্নয়নমুখী নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। বৃহস্পতিবার বিকেলে নগরকান্দার লস্করদিয়া গ্রামে নিজ বাসভবনে জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে ১৯ দফার এই ইশতেহার তুলে ধরেন তিনি।
ইশতেহারে সালথা ও নগরকান্দা উপজেলার জন্য পৃথক দুটি বিশেষ ‘মাস্টার প্ল্যান’ বা মহাপরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে যা পর্যায়ক্রমে বাস্তবায়নের মাধ্যমে প্রতিটি গ্রামকে একটি আদর্শ ও আধুনিক জনপদে রূপান্তর করা হবে।
শামা ওবায়েদ তার ইশতেহারে কৃষি ও কর্মসংস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। তিনি ঘোষণা করেছেন যে প্রতিটি বাজার এলাকায় পাট প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন করা হবে যার ফলে অন্তত ৫০ শতাংশ বেকার নারী ও যুবকের কর্মসংস্থান নিশ্চিত হবে। এছাড়া আধুনিক প্রযুক্তি নির্ভর প্রজন্ম গড়ে তুলতে তিনি ২০ হাজার কম্পিউটার বিতরণের পাশাপাশি তরুণদের জন্য সহজ শর্তে ঋণের প্রতিশ্রুতি দিয়েছেন।
যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনে সালথা ও নগরকান্দার প্রায় ৯০০ কিলোমিটার সড়ক সংস্কার এবং কয়েকশ কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণের পরিকল্পনাও ইশতেহারে স্থান পেয়েছে। পাটনির্ভর কুটির শিল্প এবং পারিবারিক উদ্যোক্তা তৈরির মাধ্যমে ঘরে ঘরে শিল্প স্থাপনের স্বপ্ন দেখিয়েছেন এই নেত্রী।স্বাস্থ্য ও শিক্ষা খাতেও বড় ধরনের পরিবর্তনের অঙ্গীকার করেছেন শামা ওবায়েদ। দুই উপজেলায় আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণ এবং বিদ্যমান ৩১০টি স্কুল ও মাদ্রাসা আধুনিকায়নের কথা বলা হয়েছে।
পরিবেশ রক্ষায় কুমার নদ ও এর শাখা নদীগুলো খননের পাশাপাশি সবুজায়ন প্রকল্প হাতে নেওয়ার কথা জানিয়েছেন তিনি। নারী নিরাপত্তা ও আইনি সহায়তায় দুটি বিশেষ সেল গঠনের পাশাপাশি প্রবাসীদের সমস্যা সমাধানেও তিনি সুনির্দিষ্ট রোডম্যাপ দিয়েছেন। স্থানীয় বাসিন্দারা বলছেন, শামা ওবায়েদের এই তথ্যনির্ভর ও সুদূরপ্রসারী ইশতেহার সালথা-নগরকান্দার রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন