ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১২:১৩ পিএম
আইনের শাসন এমনভাবে প্রতিষ্ঠিত হবে যেখানে সাধারণ নাগরিক এবং রাষ্ট্রপতির মধ্যে বিচারের কোনো পার্থক্য থাকবে না। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট আরসি কলেজ মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, আমরা শুধু জামায়াতের বিজয় চাই না, আমরা ১৮ কোটি মানুষের বিজয় চাই। দেশের প্রতিটি মানুষ যখন তাদের অধিকার ফিরে পাবে, তখনই আমাদের প্রকৃত বিজয় হবে।
শফিকুর রহমান তার বক্তব্যে বিগত সরকারের আমলের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কঠোর সমালোচনা করে বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দেশে আর একটিও বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটবে না।
তিনি অভিযোগ করেন যে, ৫ আগস্টের পর একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের লোক মামলা বাণিজ্য, চাঁদাবাজি ও দখলবাজিতে লিপ্ত হয়ে সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। জুলাই বিপ্লবের শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি বৈষম্যমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়তে ১১ দলীয় জোট বদ্ধপরিকর বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, দুর্নীতির মূলোৎপাটন করে প্রতিটি নাগরিকের ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়া হবে।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল জব্বার এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ জোটের শীর্ষ নেতৃবৃন্দ।
বক্তারা আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষে জোটের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান। মেহেন্দিগঞ্জের এই সমাবেশকে কেন্দ্র করে পুরো বরিশাল অঞ্চলে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য দেখা গেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন