ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০২:৪৯ পিএম
নরসিংদী-২ (পলাশ) আসনে ১১ দলীয় ঐক্যজোটের নির্বাচনি সমীকরণে নতুন মোড় এসেছে। এই আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী সারোয়ার তুষারের ‘শাপলা কলি’ মার্কার প্রতি আনুষ্ঠানিক সমর্থন জানিয়ে রাজপথে বিশাল মিছিল করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আমজাদ হোসেন। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে পলাশ উপজেলার প্রধান প্রধান সড়কে এই মিছিলটি অনুষ্ঠিত হয়।
এতে জামায়াত ও এনসিপিসহ জোটের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেন।উল্লেখ্য, ১১ দলীয় জোটের আসন সমঝোতা অনুযায়ী নরসিংদী-২ আসনটি এনসিপিকে ছেড়ে দেওয়া হয়েছিল।
কিন্তু কারিগরি কারণে নির্ধারিত সময়ের মধ্যে জামায়াত প্রার্থী আমজাদ হোসেন তার মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি। ফলে ব্যালট পেপারে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীক থেকে যাওয়ায় স্থানীয় ভোটারদের মধ্যে কিছুটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল। আজ সারোয়ার তুষারকে সাথে নিয়ে আমজাদ হোসেনের এই প্রকাশ্য নির্বাচনি প্রচারণা ও মিছিল সেই বিভ্রান্তি দূর করেছে বলে মনে করছেন সাধারণ ভোটাররা।
মিছিলটি পলাশ বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বিআইডিসি মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।এর আগে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিঞা গোলাম পরওয়ার নির্বাচন কমিশনকে এক চিঠিতে এই আসনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক ব্যালট থেকে সরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। চিঠিতে স্পষ্ট করা হয় যে, রাজনৈতিক সমঝোতার খাতিরে তারা সারোয়ার তুষারকেই সমর্থন দিচ্ছেন।
আজকের এই সংহতি মিছিলে মাওলানা আমজাদ হোসেন বলেন, "জোটের ঐক্য অটুট রাখতে এবং ফ্যাসিবাদের দোসরদের রুখে দিতে আমরা ঐক্যবদ্ধ। আমাদের লক্ষ্য শাপলা কলি মার্কার বিজয় নিশ্চিত করা।" এই ঘোষণার পর পলাশের নির্বাচনি মাঠ এখন সারোয়ার তুষারের পক্ষে বেশ চাঙা হয়ে উঠেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন