শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,

জামায়াতের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৩:৩৬ পিএম

জামায়াতের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী কেবল একটি দলের বিজয় নয়, বরং দেশের ১৮ কোটি মানুষের বিজয় নিশ্চিত করতে চায়। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট আরসি কলেজ মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় তিনি এই ঘোষণা দেন। 

তিনি বলেন, আমরা যদি বিজয়ী হই, তবে দেশের সব মানুষ বিজয়ী হবে। আমরা সবাইকে নিয়ে এমন একটি সুন্দর দেশ গঠন করতে চাই যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার থাকবে এবং বিচারব্যবস্থা হবে প্রশ্নাতীতভাবে সবার জন্য সমান।

ডা. শফিকুর রহমান তার বক্তব্যে বিগত সরকারের আমলের মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরে প্রতিশ্রুতি দেন যে, জামায়াত ক্ষমতায় গেলে দেশে আর একটিও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটবে না। তিনি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর প্রসঙ্গ টেনে বলেন, এমন নির্মম হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি আর হতে দেওয়া যাবে না। 

এছাড়া তিনি লুটপাটকৃত ২৮ লাখ কোটি টাকা বিদেশ থেকে ফিরিয়ে আনার ওপর জোর দিয়ে বলেন, যারা নিজেরা লুটপাটের সাথে জড়িত তারা এই অর্থ ফেরাতে পারবে না; এজন্য একটি পরিচ্ছন্ন ও দুর্নীতিমুক্ত সরকার প্রয়োজন।আসন্ন ১২ ফেব্রুয়ারির ভোট নিয়ে তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "সেদিন প্রথম ভোট হবে গণভোটের ‘হ্যাঁ’ ভোট, আর দ্বিতীয় ভোট হবে পরিবর্তনের লক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে। তিনি আরও বলেন যে, জামায়াত কোনো প্রতিশোধ বা মামলার রাজনীতিতে বিশ্বাস করে না, ৫ আগস্টের পর তারা মানুষের জানমালের পাহারাদার হিসেবে কাজ করে সেটি প্রমাণ করেছে। 

মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের আমির শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় আরও বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াজ্জিন হোসাইন হেলাল, বরিশাল-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আব্দুল জব্বার এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ।