ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৪:০৯ পিএম
আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে নিজেদের নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ের বলরুমে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই ইশতেহার ঘোষণা করেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
এটি তারেক রহমানের ঘোষিত প্রথম কোনো নির্বাচনি ইশতেহার। ইশতেহারে মূলত পাঁচটি ভাগে বিভক্ত ৫১টি দফাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবং ৯টি সুনির্দিষ্ট বৈপ্লবিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যা আগামী ৫ বছরে বাস্তবায়ন করা হবে।
বিএনপির এই ইশতেহারে সাধারণ মানুষের অর্থনৈতিক সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ চালুর কথা বলা হয়েছে, যার মাধ্যমে নিম্ন আয়ের পরিবার প্রতি মাসে ২৫০০ টাকা বা সমমূল্যের নিত্যপণ্য পাবে। কৃষকদের জন্য থাকছে ‘কৃষক কার্ড’, যার মাধ্যমে ভর্তুকি ও কৃষি বিমা নিশ্চিত করা হবে।
শিক্ষা খাতে ‘মিড-ডে মিল’ এবং স্বাস্থ্য খাতে এক লাখ নতুন কর্মী নিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া তরুণদের দীর্ঘদিনের দাবি আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম ‘পেপাল’ (PayPal) চালু এবং প্রযুক্তি খাতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির অঙ্গীকার করেছেন তারেক রহমান। পরিবেশ রক্ষায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ ও ২০ হাজার কিলোমিটার নদী খননের মহাপরিকল্পনাও ইশতেহারে স্থান পেয়েছে।বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে জানানো হয়, এই ইশতেহার শহীদ জিয়ার ১৯ দফা, বেগম জিয়ার ভিশন-২০৩০ এবং তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফার সমন্বয়ে তৈরি।
তারেক রহমান তার বক্তব্যে জোর দিয়ে বলেন, “আমাদের রাজনীতি প্রতিশোধের নয়, বরং ন্যায় ও মানবিকতার।” ক্ষমতা নয়, জনগণের অধিকারই বিএনপির রাজনীতির কেন্দ্রবিন্দু হবে এবং লুটপাটের পরিবর্তে উৎপাদনশীল অর্থনীতি গড়ে তোলা হবে। ইশতেহার ঘোষণার সময় দলের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ ও জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন