ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১০:১১ এএম
২৩ বছর পর আজ ঠাকুরগাঁওসহ উত্তরবঙ্গের তিন জেলায় নির্বাচনি সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) তিনি হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে পৃথক তিনটি নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
দীর্ঘ সময় পর শীর্ষ নেতার আগমনে উত্তরাঞ্চলের এই জেলাগুলোতে বইছে উৎসবের আমেজ। বিশেষ করে ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনি জনসভাটি ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
সফরসূচি অনুযায়ী, আজ সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও জেলা স্কুলের বড় মাঠে প্রথম জনসভায় অংশ নেবেন তারেক রহমান। এরপর তিনি নীলফামারী সদর এবং সবশেষে দিনাজপুরের বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন।
বিরামপুর তারেক রহমানের নানার বাড়ি হওয়ায় এই জনসভাকে ঘিরে সাধারণ মানুষের মাঝে বাড়তি উদ্দীপনা দেখা যাচ্ছে। সফরকালে তিনি বিরামপুরে তাঁর নানা ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার এবং খালা সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করবেন।বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, সড়ক পথের পরিবর্তে সময় বাঁচাতে এবং ৩টি বড় জনসভা কভার করতেই হেলিকপ্টার সফরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপি চেয়ারম্যানের নিরাপত্তায় তিন স্তরের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা পুলিশ সুপাররা জানিয়েছেন, জনসভাস্থল ও আশেপাশে অতিরিক্ত পুলিশ ও গোয়েন্দা সদস্য মোতায়েন থাকবে। বিএনপি নেতারা আশা করছেন, আজকের এই সফরের মাধ্যমে উত্তরবঙ্গের নির্বাচনি রাজনীতিতে নতুন গতির সঞ্চার হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন