শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,

আমির হামজাকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন বিএনপি প্রার্থী

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৬:৩৪ পিএম

আমির হামজাকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন বিএনপি প্রার্থী

কুষ্টিয়া-৩ (সদর) আসনের নির্বাচনী লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী হলেও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে নির্বাচনী প্রচারণাকালে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া জামায়াত প্রার্থী মুফতি আমির হামজাকে দেখতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ছুটে যান তিনি। 

এ সময় তিনি আমির হামজার শয্যাপাশে কিছু সময় কাটান এবং তার চিকিৎসার খোঁজখবর নিয়ে দ্রুত সুস্থতা কামনা করেন।এর আগে বেলা ১১টার দিকে সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় গণসংযোগ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আলোচিত ইসলামিক বক্তা ও জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা। 

তাকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম জানিয়েছেন, ফুড পয়জনিংয়ের কারণে তিনি বারবার বমি করছিলেন। তবে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর তিনি এখন সম্পূর্ণ আশঙ্কামুক্ত রয়েছেন।

হাসপাতালে আমির হামজাকে দেখে আসার পর বিএনপি প্রার্থী জাকির হোসেন সরকার সাংবাদিকদের বলেন, “রাজনীতিতে আমরা একে অপরের প্রতিদ্বন্দ্বী হতে পারি, কিন্তু দিনশেষে আমরা একই এলাকার মানুষ। তার অসুস্থতার খবর শুনে আমি নিজেকে স্থির রাখতে পারিনি। আমি তার দ্রুত সুস্থতা কামনা করি যাতে তিনি আবার সুস্থভাবে নির্বাচনী মাঠে ফিরতে পারেন।” রাজনৈতিক বিশ্লেষকরা নির্বাচনের এই উত্তপ্ত সময়ে দুই প্রার্থীর এমন সৌহার্দ্যপূর্ণ আচরণকে ইতিবাচক ও ‘সুস্থ রাজনীতির’ লক্ষণ হিসেবে দেখছেন।