ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০১:০৬ এএম
পাবনার হেমায়েতপুর উপজেলার চর শিবরামপুরে বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা রমজান আলীকে নৃশংসভাবে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
রবিবার (৮ ফেব্রুয়ারি ২০২৬) প্রদত্ত এক বিবৃতিতে তিনি বলেন, গত ৭ ফেব্রুয়ারি এশার নামাজের সময় রমজান আলীকে মসজিদ থেকে টেনে হেঁচড়ে বের করে এনে বিএনপির একটি সন্ত্রাসী চক্র পরিকল্পিতভাবে কুপিয়ে জখম করেছে। তিনি এই হামলাকে বর্বরোচিত ও কাপুরুষোচিত বলে অভিহিত করেন।
অ্যাডভোকেট জুবায়ের বলেন, “একজন বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনৈতিক নেতার ওপর এমন হামলা শুধু মানবতাবিরোধীই নয়, বরং দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি। এই ঘটনা প্রমাণ করে যে, একটি বিশেষ চক্র গণতান্ত্রিক রাজনীতিতে ব্যর্থ হয়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর পরিকল্পিত হামলার পথ বেছে নিয়েছে।”
বিবৃতিতে তিনি অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। একইসঙ্গে তিনি আহত রমজান আলীর দ্রুত আরোগ্য কামনা করেন।
তিনি আরও সতর্ক করে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি এ ধরনের রাজনৈতিক সন্ত্রাস উপেক্ষা করে, তবে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সকল দলের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাসী হামলা বন্ধ করা জরুরি বলে তিনি উল্লেখ করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন