রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ৩ দলের প্রধান

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১১:৩৯ এএম

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ৩ দলের প্রধান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আজ সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন দেশের শীর্ষ তিন রাজনৈতিক দলের প্রধান। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নির্বাচন কমিশনের বিশেষ ব্যবস্থাপনায় এই ভাষণগুলো সম্প্রচার করা হবে। দলগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ খেলাফত মজলিস।

নির্বাচন কমিশন ও বিটিভি সূত্র জানিয়েছে যে আজ সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এরপর সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

একই দিন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকেরও জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণ দেওয়ার কথা রয়েছে। নির্বাচনী বিধি অনুযায়ী প্রতিটি দল নির্দিষ্ট সময় বরাদ্দ পেয়েছে যেখানে তারা তাদের নির্বাচনি ইশতেহার ও রাষ্ট্র সংস্কারের রূপরেখা দেশবাসীর সামনে তুলে ধরবেন।

এর আগে গতকাল রোববার ৮ ফেব্রুয়ারি বিটিভিতে জাতির উদ্দেশে আরও দুই নেতার ভাষণ প্রচারিত হয়েছে। এদিন সন্ধ্যা ৬টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) এবং সন্ধ্যা ৭টায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম তাদের বক্তব্য পেশ করেন। নাহিদ ইসলাম তার ভাষণে ইনসাফ কায়েম ও রাষ্ট্র সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন। আজ বড় তিন রাজনৈতিক দলের প্রধানের ভাষণে ভোটারদের জন্য কী বিশেষ বার্তা থাকে তা নিয়ে দেশজুড়ে ব্যাপক কৌতূহল বিরাজ করছে।

উল্লেখ্য যে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটাররা বিরতিহীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এবারের নির্বাচনে মোট ৫১টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশগ্রহণ করছে এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে নির্বাচন কমিশন পর্যায়ক্রমে দলীয় প্রধানদের ভাষণ প্রচারের এই উদ্যোগ নিয়েছে। প্রধান রাজনৈতিক দলগুলোর এই ভাষণ নির্বাচনী জনমত গঠনে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।