ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৭:২১ পিএম
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ভোট গণনার শুরুতেই বড় চমক দেখিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। প্রাপ্ত চারটি কেন্দ্রের প্রাথমিক ফলাফল বিশ্লেষণে দেখা গেছে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনের তুলনায় কয়েক গুণ বেশি ভোটে এগিয়ে রয়েছেন।
বিশেষ করে হাসনাত আব্দুল্লাহর নিজ কেন্দ্র গোপাল নগরে তিনি পেয়েছেন ৩ হাজার ৮৪ ভোট। অবাক করার বিষয় হলো এই কেন্দ্রে `ট্রাক` প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন একটি ভোটও পাননি। এছাড়া দেবীদ্বার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কেন্দ্রে হাসনাত পেয়েছেন ১ হাজার ৩৮৩ ভোট যেখানে জসিম উদ্দিন পেয়েছেন মাত্র ৪৮০ ভোট।
নবীপুর কেন্দ্রে হাসনাতের ঝুলিতে পড়েছে ১ হাজার ১৪৪ ভোট আর জসিম পেয়েছেন ৭২ ভোট। অন্যদিকে মহেশপুর কেন্দ্রে হাসনাত আব্দুল্লাহ ২ হাজার ২৮০ ভোট পেয়ে এগিয়ে আছেন এবং তার প্রতিদ্বন্দ্বী জসিম পেয়েছেন ২৬৬ ভোট।
চার কেন্দ্রের সম্মিলিত ফলাফল অনুযায়ী হাসনাত আব্দুল্লাহ মোট ৭ হাজার ৮৯২ ভোট পেয়েছেন এবং জসিম উদ্দিন পেয়েছেন মাত্র ৮১৮ ভোট। উল্লেখ্য যে আজ বিকেলে জসিম উদ্দিন নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও ব্যালট গণনা শেষে মাঠের চিত্র হাসনাতের অনুকূলে দেখা যাচ্ছে। দেবীদ্বারের সাধারণ মানুষের মধ্যে এই ফলাফল নিয়ে ব্যাপক কৌতূহল ও উত্তজনা বিরাজ করছে।
জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম এই সমন্বয়কের এমন জয়জয়কার তার কর্মী-সমর্থকদের মধ্যে বাড়তি উদ্দীপনা তৈরি করেছে। তবে চূড়ান্ত ফলাফলের জন্য এখনো পুরো আসনের কেন্দ্রগুলোর তথ্য আসার অপেক্ষা করতে হবে। পুরো উপজেলায় কড়া নিরাপত্তার মধ্যে নির্বাচন কমিশন এখন পরবর্তী কেন্দ্রগুলোর ফলাফল সংগ্রহের কাজ করছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন