শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬,

পাবনা-২ আসনে বিএনপি প্রার্থী বিজয়ী

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১২:১৮ এএম

পাবনা-২ আসনে বিএনপি প্রার্থী বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ (বেড়া-সুজানগর) আসনে বেসরকারিভাবে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা হাবিব। বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে সুজানগর উপজেলার ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। 

প্রাপ্ত ফলাফল অনুযায়ী বিএনপির এই কেন্দ্রীয় নেতা বড় ব্যবধানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেছেন।নির্বাচনী ফলাফলের তথ্য অনুযায়ী ধানের শীষ প্রতীকে এ.কে.এম সেলিম রেজা হাবিব পেয়েছেন ২ লাখ ১৩ হাজার ৯৫০ ভোট। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দাড়ি পাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৭৫ হাজার ৩৮৭ ভোট। দীর্ঘ সময় পর অনুষ্ঠিত এই নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। বিশেষ করে বেড়া ও সুজানগর উপজেলার কেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়।

রাত ১০টার দিকে উপজেলা প্রশাসন যখন চূড়ান্ত ফলাফল ঘোষণা করে তখন বাইরে অপেক্ষমান হাজারো বিএনপি কর্মী-সমর্থক উল্লাসে ফেটে পড়েন। বিজয়ী প্রার্থী অ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা হাবিব বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এই জয়ের মাধ্যমে পাবনা-২ আসনে বিএনপির অবস্থান আবারও সুসংহত হলো বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

সেলিম রেজা হাবিবের প্রধান নির্বাচনী এজেন্ট জানিয়েছেন এই বিজয় সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রামের বিজয়। তিনি আরও বলেন ভোটাররা গত কয়েক বছর ধরে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি এবং এই নির্বাচনের মাধ্যমে তারা তাদের পছন্দের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ পেয়েছেন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে সুজানগর ও বেড়া এলাকার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে। তবে প্রশাসন থেকে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।