বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

সহকর্মীদের যে বার্তা দিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১১:২০ এএম

সহকর্মীদের যে বার্তা দিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

সহকর্মীদের নির্দেশ আমিরের

নির্বাচন পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে চলমান হামলা ভাঙচুর এবং বিশেষ করে নারী নির্যাতনের অভিযোগ তুলে দলীয় নেতাকর্মীদের কড়া বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান। রোববার ১৫ ফেব্রুয়ারি সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি নেতাকর্মী ও সহকর্মীদের প্রতি এই আহ্বান জানান। 

জামায়াত আমির উল্লেখ করেন যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভাই-বোনদের ওপর একটি বিশেষ দলের উচ্ছৃঙ্খল আচরণের খবর পাওয়া যাচ্ছে যা অত্যন্ত বেদনাদায়ক। বিশেষ করে ১১ দলীয় জোটের প্রতীকে ভোট দেওয়ার কারণে নারীদের শ্লীলতাহানির মতো ন্যাক্কারজনক ঘটনার কথা উল্লেখ করে তিনি গভীর ক্ষোভ প্রকাশ করেন।

 তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে জামায়াতে ইসলামী কোনো ধরনের অপশক্তির কাছে মাথা নত করবে না এবং ন্যায় ও সত্যের ওপর অটল থাকবে। 

যেখানেই সাধারণ মানুষ বা নেতাকর্মীদের ওপর আঘাত আসবে সেখানেই জনগণকে সাথে নিয়ে মজলুমের পাশে দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার নির্দেশ দিয়েছেন তিনি। ডা. শফিকুর রহমান তার সহকর্মীদের উদ্দেশ্যে বলেন যে সাধারণ মানুষের পাশে শক্ত হয়ে দাঁড়ানো এখন সময়ের দাবি এবং এটি মহান আল্লাহ ও দেশকে ভালোবাসারই নামান্তর। এই দায়িত্ব পালনে কোনো ধরনের দুর্বলতা প্রদর্শন করা যাবে না বলেও তিনি সতর্ক করে দেন। 

নির্বাচন পরবর্তী পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত আমিরের এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তিনি তার বার্তায় ইনসাফ কায়েম এবং আর্তমানবতার সেবায় নেতাকর্মীদের নিবেদিত থাকার আহ্বান জানিয়ে দেশবাসীর মঙ্গল কামনা করেন।