ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০১:২৮ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে ব্যাপক ভোট কারচুপি, অনিয়ম ও বেআইনি প্রভাব বিস্তারের অভিযোগ তুলে এ আসনের ফলাফল স্থগিত ও বিজয়ী প্রার্থীর শপথ বিরত রাখার আবেদন জানিয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার (১৪ ফেব্রুয়ারি) নাসীরুদ্দীন পাটওয়ারীর লেখা এই আবেদনটি তাঁর পক্ষে রোববার ইসিতে জমা দেন এনসিপি নেতা কাজী ফখরুল ইসলাম।
আবেদনে নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-৮ আসনের অন্তত ১২টি নির্দিষ্ট ভোটকেন্দ্রে ঘটা বিভিন্ন অনিয়মের তথ্য তুলে ধরেন। তাঁর অভিযোগ, বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ এবং তাঁর পরিবারের সদস্য ও নেতাকর্মীরা ভোট রিগিং, ফলাফল আটকে রাখা এবং বাতিলকৃত ভোটকে গণনায় অন্তর্ভুক্ত করার মতো কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন।
তিনি আরও দাবি করেন, সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার ও রিটার্নিং অফিসার এই কারচুপিতে সহযোগিতা করেছেন এবং প্রকৃত জয়ীকে আড়াল করে মির্জা আব্বাসকে বিজয়ী ঘোষণা করেছেন।
উল্লেখ্য, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস ৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে নাসীরুদ্দীন পাটওয়ারীকে পরাজিত করেছেন বলে নির্বাচন কমিশন বেসরকারিভাবে ঘোষণা করেছিল। তবে এই ফলাফলকে ‘ভোট ডাকাতি’ হিসেবে অভিহিত করে নাসীরুদ্দীন পাটওয়ারী আইন ও বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনারের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি স্পষ্ট করে বলেন যে, যথাযথ তদন্ত ও ভোট পুনঃগণনা না হওয়া পর্যন্ত মির্জা আব্বাসের শপথ গ্রহণ স্থগিত রাখা উচিত। এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, কমিশন যদি এই আবেদনের প্রেক্ষিতে কার্যকর পদক্ষেপ না নেয়, তবে তারা উচ্চ আদালতের দ্বারস্থ হবেন।নির্বাচনি অনিয়ম নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর এই অভিযোগকে আপনি কীভাবে দেখছেন? আপনার মতামত জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন