ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৫:২০ পিএম
সুনামগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হওয়ার পর দেশের রাজনীতিতে এক নতুন ধারার সূচনা করতে `ছায়া মন্ত্রিসভা` গঠনের ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী শিশির মনির। শনিবার (১৪ ফেব্রুয়ারি) নির্বাচনের ফলাফল পরবর্তী এক ফেসবুক পোস্টে তিনি এই পরিকল্পনার কথা জানান, যা রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে দেওয়া অপর এক পোস্টে শিশির মনির তাঁর এই ঘোষণার ব্যাখ্যা দিয়ে বলেন, "রাজনীতিতে নতুনত্ব আনা প্রয়োজন। সরকারি দল মন্ত্রিসভা গঠন করবে আর বিরোধী দল গঠন করবে ছায়া মন্ত্রিসভা—সংসদের ভেতরে ও বাইরে হবে তুমুল বিতর্ক।
এর মাধ্যমেই দেশে সৃষ্টিশীল নেতৃত্ব গড়ে উঠবে।" উল্লেখ্য যে, সুনামগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাছির চৌধুরী ৯৯ হাজার ৫২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং শিশির মনির পেয়েছেন ৬৩ হাজার ২২০ ভোট।
পরাজয় বরণ করলেও গণতান্ত্রিক শিষ্টাচার বজায় রেখে শিশির মনির বিজয়ী প্রার্থী নাছির চৌধুরীর বাড়িতে গিয়ে তাঁকে মিষ্টিমুখ করান এবং শুভেচ্ছা জানান। এই সৌজন্যতা স্থানীয় ভোটারদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শিশির মনিরের প্রস্তাবিত।
`ছায়া মন্ত্রিসভা` সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে এবং মন্ত্রণালয়ভিত্তিক বিকল্প নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে যদিও বাংলাদেশে এর কোনো সাংবিধানিক কাঠামো নেই, তবুও একে একটি ইতিবাচক রাজনৈতিক সংস্কার হিসেবে দেখছেন অনেকে। পরাজিত হয়েও দমে না গিয়ে শিশির মনির স্থানীয় ও জাতীয় রাজনীতিতে সক্রিয় থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন