শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,

৩২ আসনের ফল নিয়ে আইনি লড়াইয়ের ঘোষণা ১১ দলীয় জোটের

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৫:৪১ পিএম

৩২ আসনের ফল নিয়ে আইনি লড়াইয়ের ঘোষণা ১১ দলীয় জোটের

৩২ আসনের ফলাফল নিয়ে আইনি লড়াইয়ের ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত ৩২টি আসনে ‘জালিয়াতি’ ও কারচুপির মাধ্যমে ১১ দলীয় জোটের প্রার্থীদের হারিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন এই জোট। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে নির্বাচন ভবনে চার নির্বাচন কমিশনারের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে জোটের নেতারা এই ফলাফল নিয়ে আইনি লড়াইয়ের ঘোষণা দেন।

বৈঠক শেষে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের বলেন, “আমরা সুনির্দিষ্টভাবে ৩২টি আসন চিহ্নিত করেছি, যেখানে অত্যন্ত স্বল্প ভোটের ব্যবধানে আমাদের প্রার্থীদের পরিকল্পিতভাবে হারিয়ে দেওয়া হয়েছে। 

আমরা এসব আসনের ভোট পুনর্গণনার দাবি জানিয়েছিলাম।” তিনি অভিযোগ করেন, গত ১২ ফেব্রুয়ারি নির্বাচন শেষ হওয়ার পর তড়িঘড়ি করে ১৩ ফেব্রুয়ারি রাতেই গেজেট প্রকাশ করা হয়েছে, যা কমিশনের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে। ১১ দলের পক্ষ থেকে গেজেট স্থগিত রাখার অনুরোধ করা হলেও কমিশন তা আমলে নেয়নি।

আযাদ আরও বলেন, “নির্বাচনের সূচনা সুন্দর হলেও সমাপ্তি হয়েছে জালিয়াতি, কালো টাকা এবং অস্ত্রের ব্যবহারের মাধ্যমে। অনেক কেন্দ্রে ৪টা ২০ মিনিট পর্যন্ত পাওয়া তথ্যের সঙ্গে চূড়ান্ত ফলাফলের বড় অসঙ্গতি রয়েছে।” তিনি দাবি করেন, আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকলেও অবৈধ অস্ত্র উদ্ধার না হওয়ায় তা নির্বাচনে প্রভাব ফেলেছে। 

১১ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির মিডিয়া সমন্বয়ক এহসানুল মাহবুব জুবায়ের জানান, যেহেতু কমিশন গেজেট হয়ে যাওয়ার অজুহাতে এখন কিছু করতে পারছে না, তাই তারা তাদের অধিকার ক্ষুণ্ন হওয়ার প্রতিবাদে উচ্চ আদালতে রিট ও আইনি পদক্ষেপ গ্রহণ করবেন। এই প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান ও এনসিপি নেতারা।