শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,

আব্দুস ছালাম ও শাহ আলমের পরিবারের দায়িত্ব নিলেন জামায়াত আমির

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৬:২২ পিএম

আব্দুস ছালাম ও শাহ আলমের পরিবারের দায়িত্ব নিলেন জামায়াত আমির

নিহত কর্মীদের পরিবারের সাথে জামায়াত আমির

নির্বাচনি প্রচারণার ময়দানে প্রাণ হারানো দুই নিবেদিতপ্রাণ কর্মীর শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জের কটিয়াদী ও ইটনা উপজেলা সফরে গিয়ে তিনি নিহত আব্দুস ছালাম এবং শাহ আলমের পরিবারের যাবতীয় দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন। 

এর আগে তিনি স্থানীয় গোরস্থানে গিয়ে ওই দুই কর্মীর কবর জিয়ারত করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।পরিবার দুটির খোঁজখবর নেওয়ার সময় ডা. শফিকুর রহমান অন্যান্য রাজনৈতিক নেতাদের সমালোচনা করে বলেন, কিছু লোক নির্বাচন এলে গরিব মানুষের সাথে হাত মেলায়, কিন্তু আড়ালে গিয়ে টিস্যু দিয়ে হাত মোছে। 

অথচ তারাই আবার প্রচার করে যে আমি নাকি গরিব মানুষের হাতের ঘাম দিয়ে মুখ মুছি।তিনি স্পষ্ট করেন যে, জামায়াতে ইসলামী কেবল ভোটের সম্পর্কের রাজনীতি করে না, বরং কর্মীদের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। 

এ সময় কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলীসহ স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ তাঁর সাথে উপস্থিত ছিলেন।উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি কটিয়াদী সরকারি কলেজ মাঠে জামায়াতের নির্বাচনি জনসভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান আব্দুস ছালাম। 

এর মাত্র কয়েকদিন পর ৮ ফেব্রুয়ারি ইটনা উপজেলায় দলের আরেকটি জনসভায় যোগ দিতে যাওয়ার পথে স্ট্রোক করে ইন্তেকাল করেন শাহ আলম। এই দুই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে স্থানীয় নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছিল। আমিরের পক্ষ থেকে আজীবন পারিবারিক দায়িত্ব ও সন্তানদের পড়াশোনার ভার গ্রহণের ঘোষণায় পরিবার দুটির মাঝে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে।