ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১০:০৭ পিএম
সড়কে পরিবহন থেকে চাঁদা আদায়কে সমঝোতা বা অলিখিত বিধি হিসেবে উল্লেখ করে সড়ক পরিবহন মন্ত্রীর দেওয়া বক্তব্যের কড়া সমালোচনা করেছেন ডা. তাসনিম জারা। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, মন্ত্রী যাকে সমঝোতা বলছেন, বাস্তবে তা চালকদের ওপর চাপিয়ে দেওয়া একটি অবৈধ পদ্ধতি।
নির্দিষ্ট রুটে গাড়ি চালাতে গেলে চালকদের বাধ্যতামূলকভাবে নির্দিষ্ট সংগঠন বা গোষ্ঠীকে টাকা দিতে হয়। একে সমঝোতার মোড়ক দেওয়ার অর্থ হলো একটি অনিয়মকে বৈধতা দেওয়া।
সাবেক এই এনসিপি নেত্রী তার পোস্টে উল্লেখ করেন, সড়কের এই অবৈধ লেনদেনের সরাসরি নেতিবাচক প্রভাব পড়ে দেশের সাধারণ মানুষের ওপর। বাসভাড়া বৃদ্ধির অন্যতম প্রধান কারণ এই অলিখিত চাঁদা। এছাড়া পণ্যবাহী ট্রাক থেকে এভাবে টাকা আদায়ের ফলে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বেড়ে যায়, যার চূড়ান্ত দায় মেটাতে হয় সাধারণ যাত্রী ও ভোক্তাকে।
পরিবহন খাতের চাঁদাবাজিতে ক্ষমতাসীন দলের আধিপত্য থাকে বলে মন্ত্রীর মন্তব্যের সূত্র ধরে তিনি প্রশ্ন তোলেন, এই অর্থ আদায় প্রক্রিয়া রাজনৈতিক ক্যাডারদের পৃষ্ঠপোষকতার কোনো মাধ্যম কি না। যদি তা না হয়, তবে এর একটি সুস্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন বলে তিনি মনে করেন।রাস্তায় টাকা তোলা বন্ধ করার জোর দাবি জানিয়ে তাসনিম জারা বলেন, মালিক বা শ্রমিক সমিতির কল্যাণ তহবিলে অর্থের প্রয়োজন হলে তা ব্যাংক অ্যাকাউন্ট বা বার্ষিক রেজিস্ট্রেশন ফির মাধ্যমে স্বচ্ছ পদ্ধতিতে আদায় করা উচিত।
পরিবহন খাত থেকে তোলা কোটি কোটি টাকার পূর্ণাঙ্গ অডিট নিশ্চিত করারও দাবি জানান তিনি। এই অর্থ সাধারণ চালক ও শ্রমিকের কল্যাণে ব্যয় হচ্ছে নাকি নির্দিষ্ট কোনো গোষ্ঠী বা ব্যক্তির পকেটে যাচ্ছে, তা জনসমক্ষে প্রকাশ করা প্রয়োজন বলে তিনি মনে করেন। সরকারের মূল দায়িত্ব সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, তাই অনিয়মকে অলিখিত বিধি হিসেবে স্বীকৃতি দিয়ে সাধারণ মানুষকে হতাশ না করার আহ্বান জানিয়েছেন তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন