মার্চ ১, ২০২৬, ১১:০৮ এএম
চুয়াডাঙ্গার জীবননগরে রাজনৈতিক সংঘর্ষে জামায়াত কর্মী হাফিজুর রহমান নিহতের প্রতিবাদে আজ রোববার রাজধানীর পৃথক দুটি স্থানে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্যোগে বেলা ৩টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে একটি বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে যে এই কর্মসূচিতে কেন্দ্রীয় ও মহানগরী পর্যায়ের শীর্ষ নেতারা অংশ নেবেন। জীবননগরে ঘটে যাওয়া ঘটনার বিচার দাবি করা এবং দলীয় কর্মী হত্যার তীব্র প্রতিবাদ জানানোই এই বিক্ষোভের মূল লক্ষ্য।
অন্যদিকে ঢাকা মহানগর উত্তর জামায়াতের পক্ষ থেকেও একই ইস্যুতে রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় পৃথক একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে। এই কর্মসূচিটি দুপুর পৌনে ২টায় শুরু হওয়ার কথা রয়েছে। সেখানেও দলের নীতি-নির্ধারণী পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন বলে মহানগর উত্তর জামায়াতের প্রচার বিভাগ থেকে নিশ্চিত করা হয়েছে।
রাজধানীর এই দুটি গুরুত্বপূর্ণ পয়েন্টে কর্মসূচির ঘোষণায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।উল্লেখ্য যে শনিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে গুরুতর আহত হন বাঁকা ইউনিয়ন জামায়াতের আমিরের ভাই ও দলীয় কর্মী হাফিজুর রহমান।
গুরুতর জখম অবস্থায় তাকে ঢাকার কাকরাইলে অবস্থিত ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। নিহত হাফিজুর রহমান স্থানীয় একজন স্বর্ণ ব্যবসায়ী ছিলেন। একই ঘটনায় তার ছোট ভাই ও ইউনিয়ন জামায়াতের আমির মফিজুর রহমানও গুরুতর আহত হয়ে বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। সংঘর্ষের জেরে জীবননগর এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে এবং জামায়াতের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের জন্য সরাসরি বিএনপিকে দায়ী করা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন