রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

স্বাধীনতা দিবসে ছাত্রশিবিরের বর্ণাঢ্য কর্মসূচি ঘোষণা

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ২৪, ২০২৬, ০৫:৩৫ পিএম

স্বাধীনতা দিবসে ছাত্রশিবিরের বর্ণাঢ্য কর্মসূচি ঘোষণা

শিবিরের কর্মসূচি ঘোষণা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এসব কর্মসূচির কথা জানান। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান। 

এছাড়া মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ প্রদানসহ শাখা, থানা ও ওয়ার্ড পর্যায়ে রচনা, কুইজ, বইপাঠ, বিতর্ক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার ও উপহার বিতরণের পাশাপাশি স্থানীয় ও আঞ্চলিক পত্রিকা এবং অনলাইন প্ল্যাটফর্মে দেশের সার্বভৌমত্বের পক্ষে বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করবে সংগঠনটি।

বিবৃতিতে শিবির সভাপতি নূরুল ইসলাম বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করার মহান লক্ষ্য নিয়ে এ দেশ স্বাধীন হয়েছিল। সেই স্বাধীনতা ও বিজয়ের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ছাত্রশিবির প্রতিজ্ঞাবদ্ধ। 

তিনি আরও উল্লেখ করেন যে, একটি সমৃদ্ধ ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রশিবির দেশপ্রেমিক ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্বাধীনতার এই ঐতিহাসিক মুহূর্তে বীর শহীদদের ত্যাগকে স্মরণীয় করে রাখতে দেশব্যাপী ঘোষিত এই কর্মসূচিগুলো যথাযথভাবে পালনের জন্য তিনি সংগঠনের সব মহানগর, বিশ্ববিদ্যালয়, শহর ও জেলা শাখার প্রতি আহ্বান জানান। কেন্দ্রীয় নির্দেশনার আলোকে শৃঙ্খলা বজায় রেখে প্রতিটি স্তরের নেতা-কর্মীদের এই আয়োজনে সম্পৃক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।