এপ্রিল ৩, ২০২৬, ০৭:১৩ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার সঙ্গে স্পষ্টত বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র গাজী আতাউর রহমান। শুক্রবার (৩ এপ্রিল) এক লিখিত বিবৃতিতে তিনি এই কড়া প্রতিক্রিয়া জানান।
তাঁর মতে অন্তর্বর্তী সরকার স্বৈরতন্ত্রের স্থায়ী বিলোপের জন্য যে সব গুরুত্বপূর্ণ অধ্যাদেশ জারি করেছিল বিএনপি এখন সেগুলো বাতিলের পথে হেঁটে পতিত স্বৈরাচারের পদাঙ্কই অনুসরণ করছে।
গাজী আতাউর রহমান তাঁর বিবৃতিতে উল্লেখ করেন যে জুলাই গণ-অভ্যুত্থানের প্রধান লক্ষ্য ছিল দেশে ক্ষমতার ভারসাম্য আনা এবং স্বৈরতন্ত্রের পথ চিরতরে বন্ধ করা। এই লক্ষ্যেই অন্তর্বর্তী সরকার বেশ কিছু সংস্কারমূলক অধ্যাদেশ জারি করেছিল। ইসলামী আন্দোলনের প্রত্যাশা ছিল বিএনপি এই অধ্যাদেশগুলো সংসদে অনুমোদন করিয়ে নেবে।
কিন্তু বর্তমানে বিএনপি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠায় প্রতিবন্ধক হতে পারে এমন সব অধ্যাদেশ বাতিল ও সংশোধনের প্রস্তাব করছে যা ছাত্র-জনতার ত্যাগের প্রতি চরম অবমাননা।বিবৃতিতে সুনির্দিষ্ট কিছু বিষয়ের অবতারণা করে তিনি বলেন বিএনপি এক সময় গণভোটের পক্ষে থাকলেও এখন তারা অতি-সাংবিধানিকতা দেখিয়ে গণভোট অধ্যাদেশ বাতিলের সুপারিশ করছে। এছাড়াও জাতীয় মানবাধিকার কমিশন দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং গুম প্রতিরোধ সংক্রান্ত গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বিলোপের উদ্যোগ নিয়ে বিএনপি কার্যত প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার চেষ্টা করছে।
বিশেষ করে বিচার বিভাগের স্বাধীনতা কার্যকর করতে জারি করা অধ্যাদেশগুলো সরাসরি বাতিলের প্রস্তাবকে তিনি অত্যন্ত উদ্বেগজনক হিসেবে অভিহিত করেন।গাজী আতাউর রহমান সরকারকে পুনরায় অনুরোধ জানিয়ে বলেন যেন জনতার রক্তের সঙ্গে কোনো প্রকার আপস না করা হয়।
তিনি বিএনপিকেও তাদের অতীত নিপীড়নের কথা স্মরণ করিয়ে দিয়ে সতর্ক করেন। ইসলামী আন্দোলনের এই নেতা মনে করেন দুর্নীতি ও স্বৈরতন্ত্রমুক্ত বাংলাদেশ গড়তে হলে এই অধ্যাদেশগুলো বহাল রেখে দ্রুত অনুমোদনের ব্যবস্থা করা জরুরি। বিএনপির এই সাম্প্রতিক অবস্থানকে তিনি ক্ষমতার লোভে আদর্শচ্যুতি হিসেবেই দেখছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন