সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

সিলেটে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ১২, ২০২৬, ০৯:৫৩ এএম

সিলেটে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সিলেটে ১১ দলীয় ঐক্যের মিছিল

১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, আওয়ামী লীগ ফ্যাসিস্ট ছাত্র-জনতার আন্দোলনে শুধু গদি নয়, তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এদেশে আবারও যদি কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন তবে তাদেরকে অতীতের ফ্যাসিস্টদের পরিণতির ইতিহাস স্মরণে রাখা উচিত। 

দেশপ্রেমিক ছাত্র-জনতা দেশে আর ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার স্বপ্ন পূরণ হতে দিবেন না। শনিবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গণভোটের রায় প্রতিষ্ঠার দাবিতে সিলেট মহানগর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, জুলাই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য শুধু ক্ষমতার পরিবর্তন ছিল না। এর প্রধান উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার অবসান ও সংবিধান সংস্কার করা। 

১২ ফেব্রুয়ারির গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ রায় দিয়ে প্রমাণ করেছে যে, জনগণ রাষ্ট্রীয় ব্যবস্থায় প্রকৃত পরিবর্তন ও সংস্কার চায়। তবে দুই তৃতীয়াংশ ভোটকে পুঁজি করে বিএনপি গণভোটের রায় ও জুলাই সনদকে উপেক্ষা করে ফের ফ্যাসিবাদ প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে বলে তিনি দাবি করেন। তিনি সতর্ক করে বলেন যে, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত যোদ্ধাদের রক্তের সাথে বেইমানীর ফল কখনো ভালো হবে না। ছাত্র-জনতা এখনো নিজেদের অধিকার আদায়ে রাজপথে সজাগ রয়েছে।

সিলেট নগরীর বন্দরবাজার কোর্ট পয়েন্ট থেকে সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়। মিছিলে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন এবং নানা স্লোগান দেন। সমাবেশে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং জনদাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দেন।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আরও অভিযোগ করেন যে, সরকার বর্তমানে সংসদের কার্যপ্রণালী বিধির অপপ্রয়োগের মাধ্যমে বিরোধীদলের গণতান্ত্রিক অধিকার খর্ব করছে। এছাড়া গুম কমিশন, মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কারসহ জন-গুরুত্বপূর্ণ প্রায় ২০টি অধ্যাদেশ বাতিল করা হয়েছে যা দুঃখজনক। বিচার বিভাগকে দলীয়করণের লক্ষ্যে বিচারক নিয়োগের ক্ষমতা নিজেদের হাতে কেন্দ্রীভূত করা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। 

পাশাপাশি চাঁদাবাজি ও দলীয় সিন্ডিকেট ব্যবস্থার কারণে জ্বালানী তেলসহ বাজারে নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে, যা জুলাই গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী।জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক এডভোকেট আব্দুর রহমান আফজলের সভাপতিত্বে এবং সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত এই সমাবেশে আরও অনেক বিশিষ্ট নেতা বক্তব্য রাখেন। 

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব মাওলানা এমরান আলম, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মাওলানা মুজাম্মিল হক তালুকদার এবং বাংলাদেশ লেবারপার্টির সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ। এছাড়া লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির মহানগর সভাপতি মোজাম্মেল হোসেন লিটন, বিডিপি সিলেট মহানগর আহ্বায়ক কবির আহমদ ও মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুলসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।