এপ্রিল ১৭, ২০২৬, ১১:০৩ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরিশাল অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রায় ১২ দিন ধরে সেখানে তার চিকিৎসা চলছে। শুক্রবার তাকে দেখতে হাসপাতালে যান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
এ সময় তিনি বেশ কিছুক্ষণ অসুস্থ নেতার পাশে অবস্থান করেন এবং তার শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন।মাওলানা মোস্তফা কামাল ভোলা জেলা জামায়াতের সাবেক আমীর ছিলেন।
গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ভোলা-৪ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। হাসপাতালে অবস্থানকালে মিয়া গোলাম পরওয়ার সেখানে দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তার চিকিৎসার বর্তমান অগ্রগতি সম্পর্কে অবহিত হন।
নেতার দ্রুত আরোগ্য এবং নেক হায়াত কামনা করে তিনি মহান আল্লাহর কাছে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল সেখানে উপস্থিত পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন। তিনি তাদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন এবং এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার পরামর্শ দেন। আল্লাহর রহমতের ওপর ভরসা রেখে পরিবারের সবাইকে শান্ত থাকার আহ্বান জানান তিনি।
দলীয় নেতার এমন অসুস্থতায় স্থানীয় ও কেন্দ্রীয় জামায়াত কর্মীদের মাঝে উদ্বেগের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য যে, অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল ভোলার একজন জনপ্রিয় ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকদের সূত্রে জানা গেছে। পরিবারের পক্ষ থেকেও তার দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন