শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

চীন-বাংলাদেশ কৃষি প্রযুক্তিতে বিপুল সম্ভাবনা: জবিউল্লাহ

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ১৯, ২০২৬, ১১:৪৮ এএম

চীন-বাংলাদেশ কৃষি প্রযুক্তিতে বিপুল সম্ভাবনা: জবিউল্লাহ

বৈঠকে ইসমাইল জবিউল্লাহ ও লি কিয়াং।

বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি এবং দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের সম্ভাবনা তৈরি হয়েছে। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটিতে সফররত বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল এ লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা চালিয়ে যাচ্ছে। সফরের অংশ হিসেবে শনিবার সকালে চীনের লু’আন পৌর সরকারের ভাইস-মেয়র লি কিয়াংয়ের সঙ্গে এক আনুষ্ঠানিক বৈঠকে বসেন প্রতিনিধি দলের সদস্যরা। এতে কৃষি খাতের উন্নয়ন ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহর নেতৃত্বে ১৯ সদস্যের এই প্রতিনিধি দল ১৬ এপ্রিল চীনে পৌঁছায়। শনিবারের বৈঠকে চীনা পক্ষের প্রতিনিধিত্ব করেন লু’আন পৌর সরকারের ভাইস-মেয়র লি কিয়াং। এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন পৌর সরকারের উপ-মহাসচিব লিউ ঝেংওয়াং এবং পররাষ্ট্র বিষয়ক দপ্তরের উপ-পরিচালক কিন ফেই। 

দুই পক্ষের আলোচনায় স্থানীয় পর্যায়ে কৃষি প্রযুক্তি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে সহযোগিতার ক্ষেত্রগুলো উঠে আসে।বৈঠকের আগে প্রতিনিধি দলটি চীনের অন্যতম প্রসিদ্ধ প্রতিষ্ঠান ‘গুয়াপিয়ান টি কোম্পানি লিমিটেড’ পরিদর্শন করে। 

সেখানে তারা চা উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের আধুনিক প্রযুক্তি এবং উচ্চমান নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রত্যক্ষ করেন। পরিদর্শন শেষে ইসমাইল জবিউল্লাহ জানান, এই অভিজ্ঞতা থেকে অর্জিত জ্ঞান বাংলাদেশের কৃষিভিত্তিক অর্থনীতির জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক হতে পারে। 

তিনি উল্লেখ করেন, কীভাবে ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে বৈশ্বিক বাজারে সাফল্য পাওয়া যায়, তা চীনের এই শিল্প থেকে শেখার আছে।

প্রতিনিধি দলটি তাদের সফরের দ্বিতীয় দিনে চীনের বিখ্যাত জ্যাক মটরস কোম্পানির কার্যালয় এবং চীনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে। বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের সময় প্রতিনিধি দলের পক্ষ থেকে দেশ বিনির্মাণে তারেক রহমানের নেওয়া ভবিষ্যৎ পরিকল্পনাগুলো তুলে ধরা হয়। 

শিক্ষার্থীরাও উচ্চশিক্ষা শেষে দেশে ফিরে জনগণের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।ইসমাইল জবিউল্লাহর মতে, বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের যে আস্থা ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক বিদ্যমান, এ ধরনের সফর তাকে আরও শক্তিশালী করবে। 

বিশেষ করে গ্রামীণ শিল্পায়ন এবং ভ্যালু চেইন উন্নয়নের ক্ষেত্রে দুই দেশের স্থানীয় পর্যায়ে কাজ করার সুযোগ রয়েছে। চীনের এই সফর শেষে প্রতিনিধি দলটি লু’আন শহরের মেয়রের আয়োজিত একটি নৈশভোজেও অংশ নেয়।

উল্লেখ্য, এই উচ্চপর্যায়ের প্রতিনিধি দলে বিএনপির কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ নেতারা শামিল রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, মোহাম্মদ শামসুজ্জামান দুদু, এস এম আসাদুজ্জামান রিপন এবং যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও হাবিব উন-নবী খান সোহেল। 

এ ছাড়া সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ জনপ্রশাসন মন্ত্রণালয় ও গবেষণা উইংয়ের সদস্যরা এই সফরে অংশ নিচ্ছেন। সফরটি দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।