এপ্রিল ২০, ২০২৬, ১২:০৫ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিস শূরার সদস্য অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামালের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে ভোলার চরফ্যাশন ও শশীভূষণ এলাকায় দুই দফা জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে দীর্ঘদিন কিডনি রোগ ও ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার দুপুরে ৫৯ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
পারিবারিক ও স্থানীয় সূত্র জানিয়েছে, সোমবার সকাল সাড়ে ৮টায় চরফ্যাশন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সকাল সাড়ে ৯টায় শশীভূষণ থানার পশ্চিম এওয়াজপুর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।
মোস্তফা কামাল ভোলা জেলায় জামায়াতে ইসলামীর একজন নিবেদিতপ্রাণ সংগঠক হিসেবে পরিচিত ছিলেন। তিনি বরিশাল অঞ্চলের টিম সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। তাঁর এই প্রয়াণে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, মোস্তফা কামাল দীর্ঘকাল ইসলামী আন্দোলন ও বিভিন্ন সামাজিক জনহিতকর কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করেছেন।
তিনি ছিলেন দ্বীন কায়েমের একজন একনিষ্ঠ কর্মী। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে তাঁর আত্মত্যাগ ও নিরলস প্রচেষ্টা সংগঠন সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করবে। ভোলা জেলায় দলীয় কার্যক্রম শক্তিশালী করতে তাঁর অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে।শোকবার্তায় জামায়াত আমির মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি পরম করুণাময় আল্লাহর কাছে দোয়া করেন যেন তাঁকে ক্ষমা ও রহমত দান করা হয় এবং জান্নাতে উচ্চ মর্যাদা দান করা হয়।
কবরের জীবন থেকে শুরু করে পরবর্তী প্রতিটি মঞ্জিল যেন তাঁর জন্য সহজ ও কল্যাণময় হয়, সেই প্রার্থনাও করা হয় শোকবার্তায়। ভোলার এই বর্ষীয়ান নেতার মৃত্যুতে দলটির সর্বস্তরের নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, তাঁর অভাব পূরণ হওয়া সহজ নয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন