মে ৪, ২০২৬, ০৪:১০ পিএম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী সংসদ সদস্যরা যথাযথ ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৪ মে) দুপুরে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণের পর সাংবাদিকদের কাছে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
মির্জা ফখরুল বলেন, জাতীয় সংসদে সংরক্ষিত আসনে বিএনপির নারী সদস্যরা যারা নির্বাচিত হয়ে এসেছেন, তাঁদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করা হয়েছে। দলের পক্ষ থেকে এবং জাতীয় সংসদের পক্ষ থেকে চিফ হুইপ নূরুল ইসলাম মনিও তাঁদের সঙ্গে এসে সমর্থন জানিয়েছেন। মহাসচিব আশা প্রকাশ করেন যে জাতীয় সংসদে এই সদস্যরা তাঁদের ভূমিকা যথাযথভাবে পালন করবেন।
সোমবার বেলা ১টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নারী সংসদ সদস্যদের নিয়ে জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন। সংসদে ৫০টি সংরক্ষিত আসনের মধ্যে বিএনপির সদস্য সংখ্যা ৩৬ জন।
পুষ্পমাল্য অর্পণের সময় সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলি, মোসাম্মৎ ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম ও শাকিলা ফারজানাসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।এ ছাড়াও শ্রদ্ধা নিবেদনকালে হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবেরা সুলতানা, সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ও সানজিদা ইসলাম তুলি উপস্থিত ছিলেন। সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শামী আক্তার ও ফেরদৌসী আহমেদ মিষ্টিসহ ৩৬ জন নারী সংসদ সদস্য এই কর্মসূচিতে অংশ নেন।
উল্লেখ্য, গত রোববার (৩ মে) রাতে সংসদ ভবনে নবনির্বাচিত এই ৩৬ জন নারী সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শপথ গ্রহণ অনুষ্ঠানে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। এ সময় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল এবং প্রধান হুইপ নুরুল ইসলাম মনিসহ অন্য হুইপরা উপস্থিত ছিলেন।
একই দিনে জামায়াত-এনসিপি জোটের ১২ জন এবং স্বতন্ত্র থেকে একজন নারী সংসদ সদস্যও শপথ গ্রহণ করেছেন। জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের সময় বিএনপির কেন্দ্রীয় নেতারা সংরক্ষিত নারী সদস্যদের সংসদের ভেতরে ও বাইরে শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন