সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রবেশের পর মসজিদে হুড়োহুড়ি-ধাক্কাধাক্কি, আহত কয়েকজন

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৮, ২০২৬, ০৭:১৬ পিএম

নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রবেশের পর মসজিদে হুড়োহুড়ি-ধাক্কাধাক্কি, আহত কয়েকজন

বিশৃঙ্খলা শেষে মসজিদের মেঝেতে রক্তের দাগ।

নারায়ণগঞ্জের একটি মসজিদে জাতীয় নাগরিক পাটির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর উপস্থিতিকে কেন্দ্র করে অনুসারীদের হুড়োহুড়িতে মসজিদের ফটকের গ্লাস ভেঙে অন্তত পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার জুমার নামাজ শেষে বের হওয়ার সময় শহরের মাসদাইর সিটি কবরস্থান জামে মসজিদে এই ঘটনা ঘটে।

মসজিদ থেকে বের হওয়ার সময় ধাক্কাধাক্কিতে মসজিদের মেঝেতে রক্তের ছোপ ছোপ দাগ দেখা গেছে। তবে আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নাসীরুদ্দীন পাটওয়ারী ওই মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং খুতবা শুরুর আগে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য রাখেন।

সাধারণ মুসল্লিরা জানান, নাসীরুদ্দীন পাটওয়ারীর উপস্থিতিকে কেন্দ্র করে তাঁর সঙ্গে আসা অনুসারীদের মধ্যে কোনো শৃঙ্খলা ছিল না। তাঁরা মসজিদের ভেতরেই স্লোগান দেন। জুমার নামাজ শেষে বের হওয়ার সময় অনুসারীদের ধাক্কাধাক্কিতে মসজিদের প্রবেশপথের গ্লাস ভেঙে পড়ে। এতে কয়েকজনের হাত-পা কেটে যায়।

আহত ৫ জন বলে প্রাথমিকভাবে জানা গেছে।এক প্রত্যক্ষদর্শী মুসল্লি জানান, নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে আসা ব্যক্তিরা বেশ উচ্ছৃঙ্খল আচরণ করেন। মসজিদের ভেতরে হুড়োহুড়ির সময় গ্লাস ভেঙে শরীরে পড়লে তিন থেকে পাঁচজন মুসল্লি আহত হন। বিশৃঙ্খল পরিস্থিতির কারণে আহতদের বিস্তারিত পরিচয় সংগ্রহ করা সম্ভব হয়নি।নারায়ণগঞ্জ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মসজিদের ভেতরে অতিরিক্ত ভিড়ের চাপ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। 

মুসল্লিদের উপচে পড়া ভিড়ের কারণে গেটে এসে মানুষের চাপে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে যায়।এনসিপি নেতারা আরও জানান, তাঁরা মসজিদ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন এবং ভেঙে যাওয়া গ্লাসটি পুনরায় স্থাপন করে দেবেন। তাঁরা এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য দুঃখপ্রকাশ করেছেন। মূলত নামাজ শেষে রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করতে অনুসারীদের মাত্রাতিরিক্ত চাপের কারণেই এই দুর্ঘটনা ঘটে বলে মনে করা হচ্ছে।