শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

সরকার ও বিরোধী দল সাইকেলের দুই চাকার মতো : মিয়া গোলাম পরওয়ার

রবিউল এহ্সান রিপন

মে ৯, ২০২৬, ০৪:০৮ পিএম

সরকার ও বিরোধী দল সাইকেলের দুই চাকার মতো : মিয়া গোলাম পরওয়ার

ছবি-দিনাজপুর টিভি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “সংসদীয় গণতন্ত্রে সরকারি দল ও বিরোধী দল একটি সাইকেলের দুই চাকার মতো। একটি চাকা ছাড়া যেমন সাইকেল চলে না, তেমনি বিরোধী দল ছাড়া দেশ পরিচালনাও কার্যকর হতে পারে না। 

দেশ গঠন ও জাতীয় সংকট নিরসনে জামায়াতে ইসলামী সবসময় সরকারকে গঠনমূলক সহযোগিতা দিতে প্রস্তুত।”শনিবার (৯ মে) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ‘মানবকল্যাণ পরিষদ ট্রেনিং সেন্টার এন্ড রিসোর্টে’ জেলা জামায়াত আয়োজিত ‘সদস্য (রোকন) শিক্ষা শিবির-২৬’ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, “নির্বাচন-পরবর্তী সময়ে জামায়াতে ইসলামী ৭৭ জন সংসদ সদস্য নিয়ে একটি শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করছে। আমাদের আমির ডা. শফিকুর রহমান পার্লামেন্টের প্রথম দিন থেকেই গঠনমূলক রাজনীতির ওপর গুরুত্ব দিয়েছেন। 

আমরা শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করব না। সরকারের ভালো কাজে পূর্ণ সমর্থন থাকবে এবং জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান থাকবে।জ্বালানি সংকট ও শ্যাডো ক্যাবিনেট জ্বালানি সংকট সমাধানে বিরোধীদলীয় নেতার প্রস্তাব গ্রহণে সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, “জ্বালানি সংকটের সময় সম্মিলিত কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল, যা প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন। এটি একটি নজিরবিহীন উদ্যোগ।” আগামী বাজেট প্রসঙ্গে তিনি জানান, জামায়াত একটি ঋণমুক্ত ও স্বনির্ভর বাজেট প্রণয়নের পক্ষে। 

এছাড়া প্রতিটি মন্ত্রণালয়ের কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করতে ‘শ্যাডো ক্যাবিনেট’ বা ছায়া মন্ত্রিসভা গঠনের কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং খুব শীঘ্রই তা ঘোষণা করা হবে।সিটি কর্পোরেশন ও জুলাই গণভোট প্রসঙ্গ সিটি কর্পোরেশনে নির্বাচিত জনপ্রতিনিধিদের সরিয়ে প্রশাসক নিয়োগকে সংবিধানবিরোধী উল্লেখ করে তিনি বলেন, এই ‘ব্যাড কালচার’ বন্ধ হওয়া উচিত। অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে জামায়াত ও ছাত্রশিবিরের পরিচ্ছন্ন নেতৃত্ব নিয়ে সব নির্বাচনে অংশগ্রহণ করবে। 

এছাড়া জুলাই গণভোটে ৭০ শতাংশ মানুষের রায়ে ৮৪টি সংস্কার প্রস্তাবের পক্ষে মত এলেও সরকার ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে কর্তৃত্ববাদী শাসন টিকিয়ে রাখার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।আওয়ামী লীগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে গোলাম পরওয়ার বলেন, সন্ত্রাস বা সহিংসতার বিচার সরকার ও আদালতের বিষয়। তবে সকল নিবন্ধিত দলের বৈধ রাজনৈতিক কর্মকাণ্ডের অধিকার নিশ্চিত করাই গণতন্ত্রের সৌন্দর্য।

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এই শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ এইচ এম আব্দুল হালিম। দিনব্যাপী এই শিবিরে জেলার প্রায় ৫৫০ জন রোকন সদস্য অংশ নেন, যেখানে সাংগঠনিক দক্ষতা ও নৈতিক মানোন্নয়ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, বিরোধীদলীয় উপনেতা কাল সকালে দিনাজপুরের উদ্দেশে রওনা হবেন।