মে ২০, ২০২৬, ১১:৩৭ পিএম
কুমিল্লার লালমাই উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে কড়া সমালোচনা করেছেন দলটির নেতা হাসনাত আব্দুল্লাহ। তিনি অভিযোগ করেন, বিচার বিভাগকে কার্যত আইন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন করা হয়েছে। বুধবার উপজেলার বাগমারা এলাকায় ‘নতুন বাংলাদেশ গঠন, গণঅধিকার প্রতিষ্ঠা এবং তরুণ নেতৃত্বকে সংগঠিত করার’ প্রত্যয়ে আয়োজিত সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
জুলাই গণঅভ্যুত্থানের স্বপ্ন এখনো জনগণের হৃদয়ে বেঁচে আছে বলে দাবি করেন তিনি।বাগমারা হাই স্কুলের পাশের বালুর মাঠ থেকে পদযাত্রাটি শুরু হয়ে বাগমারা দক্ষিণ বাজারে গিয়ে শেষ হয়।
পথসভায় হাসনাত আব্দুল্লাহ বলেন, জনগণের ত্যাগ ও রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত সরকার বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ করছে। বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাবের আওতায় নিয়ে যাওয়া হচ্ছে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও এখন মেধার পরিবর্তে রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে বলে তিনি সমালোচনা করেন।
যোগ্য প্রার্থীদের উপেক্ষা করা শিক্ষাব্যবস্থার জন্য অশনিসংকেত।তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, এনসিপি সীমিত পরিসরে যাত্রা শুরু করলেও আজ জনগণের সমর্থনে জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান তৈরি করেছে।
আগামী নির্বাচনে জনগণের প্রত্যাশাকে সামনে রেখে তাদের রাজনৈতিক কর্মসূচি অব্যাহত থাকবে। সমাবেশে দলটির অন্য নেতারা ‘ন্যায়বিচার, সংহতি, সমতা ও সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় এনসিপির বার্তা পৌঁছে দিতে নেতাকর্মীদের আহ্বান জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন