রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

ধর্ষকের প্রকাশ্য মৃত্যুদণ্ড ও বিচার বিভাগ নিয়ে খেলাফত মজলিস

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২২, ২০২৬, ০৭:৩৯ পিএম

ধর্ষকের প্রকাশ্য মৃত্যুদণ্ড ও বিচার বিভাগ নিয়ে খেলাফত মজলিস

ধর্ষকের প্রকাশ্য মৃত্যুদণ্ডকে মধ্যযুগীয় বলায় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য ইসলামি মূল্যবোধের প্রতি অবজ্ঞার শামিল বলে দাবি করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে দলটির পক্ষ থেকে এই প্রতিক্রিয়া জানানো হয়। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ঢাকাস্থ সদস্যদের এই সভায় সভাপতিত্ব করেন দলের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ।বিচারহীনতা ও অপরাধ দমনে ব্যর্থতার কারণে জনগণের মধ্যে কঠোর বিচারের দাবি তৈরি হয়েছে।

সভাপতির বক্তব্যে মাওলানা ইউসুফ আশরাফ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এই ধরনের বক্তব্য দেশের সাধারণ ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত করেছে। সম্প্রতি রামিসাকে হত্যার ঘটনায় ভুক্তভোগী পরিবারের তীব্র প্রতিক্রিয়া আসলে বিদ্যমান বিচারব্যবস্থার প্রতি মানুষের অনাস্থারই বহিঃপ্রকাশ। জনগণের এই অবদমিত ক্ষোভ ও অনুভূতিকে মধ্যযুগীয় বলে আখ্যা দেওয়া কোনো স্থায়ী সমস্যার সমাধান নয়। অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীকে তার দেওয়া এই বক্তব্য প্রত্যাহার করার আহ্বান জানান দলটির নেতারা।একই বৈঠক থেকে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় পৃথক বিচার বিভাগীয় সচিবালয় পুনর্বহালের দাবি জানানো হয়।

নেতারা সম্প্রতি বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্ত করার সরকারি সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বলেন, এর ফলে অধস্তন আদালতের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রশাসনিক বিষয় নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণে থাকলে নিরপেক্ষ বিচার কার্য ব্যাহত হতে পারে। বৈঠকে আদালতের অবকাঠামো উন্নয়ন, তীব্র বিচারক সংকট নিরসন এবং মামলার জট কমাতে কার্যকর দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানানো হয়েছে।