মে ২৫, ২০২৬, ১১:৫৭ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, বিএনপি বর্তমান পুলিশ বাহিনীকে দলদাসে পরিণত করেছে। সোমবার ঝিনাইদহে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আওয়ামী লীগ সরকারের সঙ্গে বর্তমান প্রশাসনের আচরণের তুলনা টানেন।
জুলাই অভ্যুত্থানের চেতনার সঙ্গে বর্তমান পরিস্থিতির কোনো মিল নেই বলে তিনি দাবি করেন।পুলিশের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন এই সংসদ সদস্য।
তিনি বলেন, পুলিশ বাহিনীর সদস্যদের প্রমোশন ও পোস্টিংয়ের ভয় দেখিয়ে দলীয় কাজে ব্যবহারের চেষ্টা চলছে। বিগত সরকারের সময় যেভাবে স্থানীয় পর্যায়ে পুলিশ বাহিনী পেটোয়া বাহিনী হিসেবে কাজ করত, বর্তমান পরিস্থিতি ঠিক সেই পথেই এগোচ্ছে।
অথচ রাষ্ট্রীয় নিরপেক্ষ আইনানুগ পুলিশ বাহিনী গড়ে তোলার প্রত্যাশা ছিল জনগণের। সরকারি দলের লাঠিয়াল বাহিনী হিসেবে পুলিশকে ব্যবহারের পরিণতি শুভ হবে না বলেও তিনি সতর্ক করেন।বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে চরম হতাশা ব্যক্ত করেছেন হাসনাত আবদুল্লাহ।বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্ত করার মাধ্যমে বিএনপি বিচার বিভাগের স্বাধীনতা হরণ করেছে বলে তিনি অভিযোগ করেন।
তার মতে, প্রমোশন ও পোস্টিংকে পুঁজি করে বিচারকদের স্বাধীনতাও এখন হুমকির মুখে। রিফাত রশিদ ও তারেক রেজাসহ এনসিপি নেতাদের গ্রেপ্তারের ঘটনায় পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করেন তিনি। এছাড়া পশুর হাটের ইজারা ও টেন্ডার ভাগাভাগি নিয়েও তিনি স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তোলেন।কেন্দ্রীয় নির্দেশনা মেনেই স্থানীয় প্রশাসন এসব কর্মকাণ্ড পরিচালনা করছে বলে তার দাবি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন