জুন ৬, ২০২৬, ০৭:৩৩ পিএম
জনগণকে কার্ডনির্ভর করার পরিবর্তে কর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানিয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। শনিবার সকালে রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বিদ্যুৎ মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং বাস্তবায়নযোগ্য ও সংস্কারমুখী জাতীয় বাজেটের দাবিতে এই সম্মেলনের আয়োজন করা হয়।
আর্থিক খাতের মৌলিক সংস্কার ছাড়া কোনো কার্যকর বাজেট সম্ভব নয় বলে তিনি মত দেন।আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বাজেট প্রণয়ন ও রাজস্ব নীতিমালা নির্ধারণের সাংবিধানিক দায়িত্ব জাতীয় সংসদের হলেও বাস্তবে তা আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণে চলছে।
বাজেট প্রক্রিয়াকে নির্বাহী বিভাগের পরিবর্তে সংসদকেন্দ্রিক করার দাবি জানান তিনি। এ সময় তরুণ উদ্যোক্তা, ফ্রিল্যান্সার এবং প্রথমবারের মতো ফ্ল্যাট বা প্লটের মালিকদের কর সুবিধা দেওয়ার আহ্বান জানান ফুয়াদ।
প্রশাসনিক ব্যয় কমাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে ডিজিটালাইজেশনের ওপর জোর দেন তিনি।জ্বালানি খাতের দীর্ঘদিনের অনিয়ম ও অস্বচ্ছ ভর্তুকি ব্যবস্থা নিয়ে তীব্র সমালোচনা করেন পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।মজিবুর রহমান মঞ্জু বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংস্কার অব্যাহত রাখতে হবে এবং অতীতের ভুল নীতির পুনরাবৃত্তি বন্ধ করতে হবে।
তিনি দাবি করেন, লুটপাট বন্ধ করা কেবল সরকারের একার দায়িত্ব নয়, সব অংশীজনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আসন্ন বাজেটে জীবনযাত্রার ব্যয়, কর্মসংস্থান সংকট ও খাদ্যনিরাপত্তার ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় দিকনির্দেশনা নেই বলেও মন্তব্য করেন তিনি।জেদাজেদি না করে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে গ্রহণযোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়ার দাবি জানান নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়কসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন