রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নিষিদ্ধ ছাত্রলীগের ২৪ সেকেন্ডের ঝটিকা মিছিল, আটক ৪৫

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৭, ২০২৬, ০৬:০৪ পিএম

নিষিদ্ধ ছাত্রলীগের ২৪ সেকেন্ডের ঝটিকা মিছিল, আটক ৪৫

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলে ধাওয়া দিয়ে ৪৫ জনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারা এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ মিছিলে ব্যবহৃত তিনটি মাইক্রোবাস ও দুটি বাস জব্দ করেছে।

স্থানীয়রা জানান, কয়েকটি যানবাহনে করে আসা বিপুলসংখ্যক নেতাকর্মী হঠাৎ করে মহাসড়কের ঢাকা অভিমুখী লেনে নেমে মিছিল শুরু করেন। প্রায় ২৪ থেকে ৩০ সেকেন্ড স্থায়ী ওই মিছিলে অংশ নেন তারা। মিছিলটি পূর্বপরিকল্পিত ছিল বলে ধারণা করা হচ্ছে।

প্রথমে বুড়িচং উপজেলার নিমসার এলাকায় কর্মসূচি পালনের পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে স্থান পরিবর্তন করা হয়। সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারা এলাকায় নেতাকর্মীরা জড়ো হয়ে ইউটার্ন মোড় এলাকায় এসে মিছিল বের করেন।

মিছিলের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও কর্মীরা তাদের ধাওয়া করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ৪৫ জনকে আটক করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রকিবুল ইসলাম জানান, হঠাৎ করেই ঝটিকা মিছিল বের করে কিছু নেতাকর্মী। 

খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ৪৫ জনকে আটক করেছে। জব্দ করা হয়েছে পাঁচটি যানবাহন।ঘটনার পর মহাসড়ক ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।