রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

স্থানীয় নির্বাচনে আ. লীগের অংশগ্রহণ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৯, ২০২৬, ০৭:৩৩ পিএম

স্থানীয় নির্বাচনে আ. লীগের অংশগ্রহণ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ

এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার বিকেলে রাজধানীর নাখালপাড়ায় এক বৃক্ষ বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, “আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সরকারের ভেতরেই ধোঁয়াশা তৈরি হয়েছে। একদিকে দলটির অংশগ্রহণের বিরোধিতা করা হচ্ছে, অন্যদিকে শর্তসাপেক্ষে সুযোগ দেওয়ার কথা শোনা যাচ্ছে। 

আমরা মনে করি, বর্তমানে নিষিদ্ধ একটি দল কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারে না।” তিনি আরও অভিযোগ করেন যে, সরকারের ভেতরে থাকা আওয়ামী লীগের কিছু অংশের প্রভাবেই এমন বিভ্রান্তি তৈরি হচ্ছে।

নির্বাচন প্রক্রিয়া নিয়ে এনসিপি পাঁচ দফা দাবি জানিয়েছে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, “প্রশাসক পদে বহাল থেকে মেয়র নির্বাচন করা নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। অথচ বর্তমানে দুই সিটি প্রশাসক সরকারি লোগো ব্যবহার করে প্রচারণা চালাচ্ছেন।” তিনি অবিলম্বে এই দুই প্রশাসককে পদত্যাগ করে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান।

এছাড়া, কোরবানির হাটের ইজারা প্রক্রিয়ায় পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তিনি স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান। স্থানীয় সরকার নির্বাচনের নিরপেক্ষতা ও লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখতে এনসিপি কঠোর অবস্থান নিয়েছে। আসিফ মাহমুদ স্পষ্ট করেন যে, সংস্কারের লক্ষ্য অর্জনে নির্বাচন ব্যবস্থায় জালিয়াতি বা ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই বরদাশত করা হবে না। রাজনৈতিক অঙ্গনে তার এই মন্তব্য বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।