রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিএনপি হলো একটা ব্যর্থ আওয়ামী লীগ: মাওলানা মামুনুল হক

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ১২, ২০২৬, ০৮:১১ পিএম

বিএনপি হলো একটা ব্যর্থ আওয়ামী লীগ: মাওলানা মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক দেশের বর্তমান পরিস্থিতি এবং ক্ষমতাসীন দলের নানা কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন। তিনি মন্তব্য করেছেন যে, বিএনপি হলো মূলত একটা ব্যর্থ আওয়ামী লীগ আর আওয়ামী লীগ হলো একটা সফল বিএনপি। শুক্রবার (১২ জুন) রাতে তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের অফিশিয়াল পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এই রাজনৈতিক মন্তব্য করেন।

দেশের চলমান কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু ও সংকটের কথা তুলে ধরে তিনি বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলে বর্ণনা করেন।মাওলানা মামুনুল হক বলেন, বিগত দিনে আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থেকে ফ্যাসিবাদ মজবুত করার পর যে সব অপকর্ম করেছে, নতুন বিএনপি সরকার ক্ষমতায় আসার শুরুতেই ঠিক সে রকম করতে চাচ্ছে। বিশেষ করে দেশের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিয়ে তৈরি হওয়া  অবস্থার কারণে তিনি গভীর ক্ষোভ প্রকাশ করেন।

 তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, এস আলম গ্রুপসহ বিভিন্ন অর্থ পাচারকারী চক্রের হাতে দেশের ব্যাংকিং খাত তুলে দেওয়ার এক ভয়াবহ চক্রান্ত চলছে। এর ফলে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি সামগ্রিক অর্থনীতি মারাত্মক সংকটে পড়তে পারে।এছাড়াও আদ-দ্বীন হাসপাতাল নিয়ে সরকারি সিদ্ধান্ত এবং প্রাথমিক বিদ্যালয়ে গান-বাদ্য-নৃত্য বিষয়ক শিক্ষক নিয়োগের পাঁয়তারা নিয়ে তিনি ধর্মপ্রাণ মানুষের চরম আতঙ্কের কথা উল্লেখ করেন। 

গাইবান্ধার শিবপুরে জনগণের পাবলিক সড়কে বিশালকায় মূর্তি নির্মাণের ইস্যুকে তিনি দেশের সার্বভৌমত্বের জন্য এক বড় হুমকি বলে অভিহিত করেন। তিনি বলেন, দেশের বৃহৎ রাজনৈতিক দলগুলো বরাবরই ইসলামপন্থীদের কেবল নিজেদের স্বার্থেই ব্যবহার করতে চায়। সবশেষে কওমি আলেম সমাজ ও জামায়াতে ইসলামীকে রাজনৈতিকভাবে ঘায়েল করার এই দ্বিচারিতা বন্ধ করে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ার আহ্বান জানান তিনি।