জুন ২২, ২০২৬, ১২:১৮ পিএম
পতিত আওয়ামী ফ্যাসিবাদের আমলের গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে ১১ দলীয় ঐক্য। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন এই রাজনৈতিক জোটটি আগামীকাল মঙ্গলবার ঢাকার বিজয়নগরে এই কর্মসূচির আয়োজন করবে।মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার বেলা ১১টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ এই কর্মসূচি ঘোষণা করেন।
বিজয়নগরের এই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এ ছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি এবং দেশবিরোধী বিভিন্ন ষড়যন্ত্রের প্রতিবাদে আগামী ৪ জুলাই সব জেলায় সমাবেশ করবে জোটটি। বিগত বছরের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের স্মৃতিস্মরণে আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনের বিশেষ কর্মসূচি দেওয়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে ড. আযাদ বলেন, তারা কোনো দলের বিরুদ্ধে নন। তবে কেউ নিষিদ্ধ কর্মকাণ্ড চালালে তার দায় সরকারের ওপরই বর্তাবে।দেশকে আবার বিচারহীনতার দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টা রুখতে চার বিভাগে নতুন সমাবেশের তারিখ ঘোষণা করেন তিনি। এর আগে গত ১২ জুন দেশের ২৬টি সীমান্ত জেলায় সফলভাবে সমাবেশ করেছে জোটটি।
ঘোষিত সূচি অনুযায়ী আগামী ২৭ জুন ময়মনসিংহে এবং ১১ জুলাই রংপুরে বিভাগীয় বিক্ষোভ সমাবেশ করবে জামায়াতের নেতৃত্বাধীন এই জোটটি। এরপর ১৮ জুলাই বরিশাল এবং ২৫ জুলাই সিলেটে কর্মসূচি পালন করা হবে। আজকের এই সংবাদ সম্মেলনে এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, এলডিপি, জাগপা, এবি পার্টি এবং নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন