জুলাই ৪, ২০২৬, ০৮:১৮ পিএম
রাজধানীর গুলিস্তানে চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে স্থানীয় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় অন্তত ১৫ থেকে ২০ জন জামায়াত কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে দলটি। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।ছুরিকাঘাতে গুরুতর আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন মহানগর দক্ষিণ জামায়াতের প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমন।
তিনি অভিযোগ করে বলেন, বিএনপি ও নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু লোকজন দীর্ঘদিন ধরে গুলিস্তান এলাকায় চাঁদাবাজি ও দখলবাজি চালিয়ে আসছে। শনিবার বিকেলে স্থানীয় জামায়াত ফুলবাড়িয়ায় চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল আহ্বান করলে ব্যবসায়ীরা তাতে যোগ দেন। এ সময় বিএনপির লোকজন এবং চাঁদাবাজ গ্রুপ অতর্কিত হামলা চালায়।
তিনি দাবি করেন, এ ঘটনায় শতাধিক লোক অস্ত্র, ছুরি ও লাঠিসোঁটা নিয়ে অংশগ্রহণ করে।অভিযুক্তদের মধ্যে স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের কয়েকজন নেতার নাম উল্লেখ করেছেন আব্দুস সাত্তার সুমন। ঘটনার পরপরই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।বংশাল থানার এসআই সৈকত হোসেন জানান, ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন