রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ডিসেম্বরে আত্মসমর্পণের ইঙ্গিত দিলেন সাবেক প্রধানমন্ত্রী হাসিনা

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১০, ২০২৬, ০৬:১১ পিএম

ডিসেম্বরে আত্মসমর্পণের ইঙ্গিত দিলেন সাবেক প্রধানমন্ত্রী হাসিনা

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরের দিকে দেশে ফেরার পরিকল্পনা করছেন। তিনি এবং তার দলের জ্যেষ্ঠ নেতারা আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন। রয়টার্সকে দেওয়া এক বিশেষ টেলিফোন সাক্ষাৎকারে তিনি তার এই পরিকল্পনার কথা তুলে ধরেন।দেশে ফেরার পথে গ্রেপ্তার বা মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

হাসিনা বলেন, "আমি দেশে ফিরলে তারা আমাকে গ্রেপ্তার করতে পারে, এমনকি হত্যাও করতে পারে। তার পরও আমাকে ফিরতে হবে।" ২০২৪ সালে গণবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পর থেকে তিনি ভারতে রয়েছেন। গত নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান পরিচালনার অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। তবে তিনি এই অভিযোগ অস্বীকার করে আসছেন।

সাক্ষাৎকারে তিনি জানান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ আওয়ামী লীগের নির্বাসিত নেতারাও তার সঙ্গে দেশে ফিরবেন। হাসিনা বলেন, "সরকার বারবার ভারতকে চিঠি দিয়ে আমাকে ফেরত পাঠানোর অনুরোধ করছে, কিন্তু আমি নিজেই দেশে ফিরব।" এ বিষয়ে তিনি কোনো বিদেশি সরকারের সঙ্গে যোগাযোগ করেননি বলে দাবি করেছেন।

দল পুনর্গঠনের অংশ হিসেবে এরই মধ্যে দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ১২৫টিতে অনলাইন বৈঠক করেছেন বলেও তিনি জানান। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার আহ্বান জানিয়ে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, "যদি আমরা খারাপ কাজ করে থাকি, তাহলে সেই রায় জনগণই দিক।" কারাবাস নিয়ে তিনি উদ্বিগ্ন নন বলে সাক্ষাৎকারে উল্লেখ করেন।

তথ্য: রয়টার্স