রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ছাত্রশিবির থেকে বিদায়ের পর সাদিক কায়েমের আবেগঘন স্ট্যাটাস

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৩, ২০২৬, ০৫:২৫ পিএম

ছাত্রশিবির থেকে বিদায়ের পর সাদিক কায়েমের আবেগঘন স্ট্যাটাস

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির থেকে আনুষ্ঠানিক বিদায় নিয়েছেন ডাকসু ভিপি ও সংগঠনটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিক কায়েম। সোমবার (১৩ জুলাই) বিকেলে সংগঠনের ষাণ্মাসিক সেটআপের অংশ হিসেবে তিনিসহ কেন্দ্রীয় ৯ জন সম্পাদককে বিদায় জানানো হয়। সংগঠনটির প্রচার সম্পাদক এসএম ফরহাদ এই তথ্য নিশ্চিত করেছেন।

আনুষ্ঠানিক বিদায়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন সাদিক কায়েম।তিনি লিখেছেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তার আবেগ আর ভালোবাসার প্রিয় সংগঠন। সংগঠনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে আজ তিনি আনুষ্ঠানিক ছুটি পেয়েছেন। তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন, জীবনের সবচেয়ে সুন্দর ও গঠনমূলক সময়গুলো তিনি এই কাফেলার সঙ্গে কাটিয়েছেন।

সাদিক কায়েম আরও লেখেন, এই সংগঠন তাকে দেশ ও জাতিকে নিয়ে ভাবতে শিখিয়েছে এবং নেতৃত্বের গুণাবলি বিকশিত করতে সাহায্য করেছে। বিদায়বেলায় তিনি সংগঠনের কর্মীদের জন্য দোয়া কামনা করেন এবং মজলুম মানুষের মুক্তি সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করতে সবাইকে আহ্বান জানান।

প্রসঙ্গত, সাদিক কায়েম ছাড়াও আরও ৮ জন কেন্দ্রীয় সম্পাদককে এবার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী, এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ, ছাত্র অধিকার সম্পাদক মুহিবুর রহমান মুহিব, প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, ব্যবসায় শিক্ষা সম্পাদক নুরুল হুদা, পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান ও দাওয়াহ সম্পাদক শাহীন আহমেদ।