রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নীলফামারীতে ডা. দর্পণকে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা এনসিপির

শহিদুল ইসলাম

জুলাই ২১, ২০২৬, ১০:৪৪ পিএম

নীলফামারীতে ডা. দর্পণকে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা এনসিপির

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, আওয়ামী লীগকে এ দেশে আর কখনো ফিরতে দেওয়া হবে না। তবে তারা সাধারণ নাগরিক হিসেবে ভোটাধিকার প্রয়োগ করতে পারলেও চিহ্নিত কেউ কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। 

মঙ্গলবার রাতে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা এনসিপির আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।আসন্ন উপজেলা নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়াচ্ছে।পথসভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে আখতার হোসেন আরও বলেন, ফ্যাসিস্ট শক্তি দেশ থেকে বিতাড়িত হয়েছে। 

কিন্তু এরপরেও যদি বিএনপি নতুন করে ফ্যাসিস্ট হয়ে উঠতে চায়, তবে দেশের মানুষ তা মেনে নেবে না এবং হাত গুটিয়ে বসে থাকবে না। তবে সাধারণ মানুষের ব্যবসা-বাণিজ্য বা উপার্জনের স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করবে না বলে জানান তিনি। সভায় বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, জুলাই আন্দোলন এখনো শেষ হয়ে যায়নি এবং এর প্রমাণ শহিদ ওসমান হাদি। পাড়া-মহল্লায় চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে এনসিপির কর্মীরা কঠোর অবস্থান নেবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

এই পথসভার অন্যতম আকর্ষণ ছিল আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে দলের আনুষ্ঠানিক ঘোষণা। অনুষ্ঠানে নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে এনসিপির জেলা কমিটির সদস্য সচিব ডা. কামরুল হাসান দর্পণকে দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। শীর্ষ নেতাদের উপস্থিতিতে তাকে হাত উচিয়ে জনগণের সামনে পরিচয় করিয়ে দেওয়া হয়। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে এই ঘোষণাকে কেন্দ্র করে পুরো এলাকায় রাজনৈতিক উদ্দীপনা তৈরি হয়েছে।