জুলাই ২৪, ২০২৬, ০৩:৪৩ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো ফেরেশতাদের দল নয় এবং মানুষ হিসেবে তাদেরও ভুলত্রুটি হতে পারে বলে মন্তব্য করেছেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার রাজধানীর কাকরাইলে দলের এক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। দেশ ও জাতির কল্যাণে রাজনীতি করার কথা পুনর্ব্যক্ত করে তিনি দলীয় নেতাকর্মীদের সততা ও নৈতিকতা বজায় রাখার আহ্বান জানান।
অন্যায় ও জামায়াতে ইসলামী একসঙ্গে চলতে পারে না।দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, এর অর্থ এই নয় যে তাদের কোনো ভুল বা অপরাধ হয় না। মানবীয় স্বভাবের কারণে ভুলত্রুটি হতে পারে উল্লেখ করে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান, কেউ যদি তাদের কোনো অন্যায় বা ভুলত্রুটি দেখতে পান, তবে তা যেন সরাসরি ধরিয়ে দেওয়া হয়। ভুল ধরিয়ে দিলে তা অবিলম্বে সংশোধনের জোরালো প্রতিশ্রুতিও দেন তিনি।
নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামীতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন দলটির আমির। তিনি বলেন, সাদা কাপড় পরিধানকারীদের আরও বেশি সতর্ক ও যত্নশীল হতে হবে। কোনো ধরনের সহনীয় মাত্রা লঙ্ঘন হলে সংশোধনের সুযোগ দেওয়া হলেও মাত্রা গুরুতর হলে কঠোর সিদ্ধান্ত নেওয়া ছাড়া কোনো বিকল্প থাকবে না বলে সতর্ক করেন তিনি।দেশের স্বার্থে এবং আদর্শের পতাকাতলে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই বার্তা দলীয় সব স্তরের নেতাকর্মীদের জন্য সমানভাবে প্রযোজ্য।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন