জুলাই ২৮, ২০২৬, ০২:৩২ পিএম
যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের নীলগঞ্জ এলাকার বাসভবন ঘেরাও করে তীব্র বিক্ষোভ ও প্রতিবাদের ঘটনা ঘটেছে। স্থানীয় একটি মাদ্রাসা ও মসজিদ পরিচালনা নিয়ে দীর্ঘদিন ধরে চলা বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে এই উত্তেজনার সৃষ্টি হয়। বিক্ষুব্ধ এলাকাবাসী সংসদ সদস্যের বাড়ির সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
স্থানীয়দের এই আকস্মিক বিক্ষোভের ফলে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।অভিযোগ সূত্রে জানা গেছে, নীলগঞ্জ এলাকার আল মাদ্রাসাতুশ শারইয়াহ ও সংলগ্ন মসজিদকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও তার মেয়ের বিরুদ্ধে ওই মাদ্রাসার এক শিশু শিক্ষার্থী এবং এক নারীর ওপর হামলার অভিযোগ তোলেন এলাকাবাসী। ঘটনার জেরে সকালের দিকে পরিস্থিতি দ্রুত অবনতি ঘটে এবং স্থানীয় শত শত মানুষ এমপির বাসভবন ঘিরে ফেলেন। পরিস্থিতি সামাল দিতে একপর্যায়ে মহাসড়ক অবরোধ করা হয়।
এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে সংসদ সদস্যের স্ত্রী শারমিন ভিনা দাবি করেছেন যে তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। তিনি জানান, তাদের কন্যা মানসিকভাবে অসুস্থ এবং মাদ্রাসা বন্ধ থাকার পরও শিশুরা সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার প্রতিবাদ করা হয়েছিল। অন্যদিকে খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উভয় পক্ষের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন