শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

জুলাই আন্দোলনের চেতনা নিয়ে কঠোর হুঁশিয়ারি দিলেন ডাকসু ভিপি

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১, ২০২৬, ০৭:২৮ পিএম

জুলাই আন্দোলনের চেতনা নিয়ে কঠোর হুঁশিয়ারি দিলেন ডাকসু ভিপি

ছবি : সংগৃহীত

জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ এবং গণ-আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা দেশের জনগণ বরদাশত করবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। তিনি বলেছেন, জুলাইয়ের ঐতিহাসিক সংগ্রামের সঙ্গে গাদ্দারি করলে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। শুক্রবার রাতে কুমিল্লার কান্দিরপাড় এলাকায় গ্র্যান্ড দেশপ্রিয় রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হলে আয়োজিত এক বিশেষ সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এই কথা বলেন।

ন্যাশনাল ডক্টরস ফোরামের কুমিল্লা জেলা শাখা এই ‘জাগ্রত’ শীর্ষক জুলাই সম্মেলনের আয়োজন করে।সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন ন্যাশনাল ডক্টরস ফোরামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. মাহমুদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. মোবারক হোসাইন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। 

এছাড়া এনডিএফ কুমিল্লা জেলা শাখার সভাপতি ডা. জহির উদ্দিন মোহাম্মদ বাবরের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ডা. জুয়েল রানা।সাদিক কায়েম তার বক্তব্যে আরও বলেন, একটি নির্দিষ্ট মহল পরিকল্পিতভাবে জুলাই আন্দোলনের ইতিহাস এবং ছাত্র-জনতার আত্মত্যাগ ও অর্জনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। 

এ ধরনের সকল ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। জনগণের মৌলিক অধিকার ও রাষ্ট্রীয় স্বার্থ সমুন্নত রাখতে সকলকে দলীয় মতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাওয়ার তাগিদ দেন তিনি।শহীদদের আত্মত্যাগ চিরস্মরণীয় করে রেখে একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়। সম্মেলন শেষে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।