আগস্ট ১, ২০২৬, ০৭:৫৫ পিএম
জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং সংবিধানে জুলাইয়ের চেতনা অন্তর্ভুক্ত করার জোরালো দাবি জানিয়ে নীলফামারীতে বিশাল গণসমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার বিকেলে জেলা শাখার উদ্যোগে শহরের ঐতিহাসিক ডিসির মোড় এলাকায় এই রাজনৈতিক কর্মসূচির আয়োজন করা হয়। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সমাবেশে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
শহরের ঐতিহাসিক ডিসির মোড় চত্বর থেকে এই বিক্ষোভ ও গণসমাবেশ শুরু হয়।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নীলফামারী-এক আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সাত্তার বলেন, দেড় হাজারের বেশি শহীদ ও হাজারো আহত ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দেশে নতুন পরিবেশ তৈরি হলেও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার সাথে কোনো ধরনের প্রতারণা সহ্য করা হবে না।
দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন না করলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন তিনি। এ সময় নীলফামারী-দুই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ এবং নীলফামারী-চার আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিমও বর্তমান সরকারের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং ফ্যাসিবাদের পথ পরিহার করার তাগিদ দেন।
ছাত্রশিবিরের পক্ষ থেকেও দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। সমাবেশে জামায়াতে ইসলামী ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা আমীরসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা স্থানীয় প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান এবং অতীতের বিভিন্ন বাধার কথা স্মরণ করিয়ে দেন।সমাবেশ শেষে একটি বিশাল গণমিছিল বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক মোড় এলাকায় গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন