রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

পঞ্চগড়ে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৬, ২০২৬, ০৯:৪১ পিএম

পঞ্চগড়ে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

গ্যাস সংকট নিরসন, লোডশেডিং বন্ধ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণের দাবি সহ দশ দফা বাস্তবায়নের লক্ষ্যে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার দুপুরে জেলা জামায়াতের কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়।বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় বক্তব্য প্রদান করেন জেলা বায়তুল মাল সেক্রেটারি মনিরুল ইসলাম, বোদা উপজেলা কর্মপরিষদ সদস্য সফিউল্লাহ সুফি, পঞ্চগড় পৌর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট নাসির উদ্দিন, জেলা তালবিয়াত সেক্রেটারি শাহীদ আল ইসলাম এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া। এছাড়া জাতীয় গণতান্ত্রিক দল জাগপার সভাপতি শাহরিয়ার আলম বিপ্লব, জাতীয় নাগরিক পার্টি এনসিপির পঞ্চগড়ের সাংগঠনিক সম্পাদক শিশির আসাদ ও খেলাফত মজলিসের হাফেজ মীর মোর্শেদ তুহিনসহ অন্যান্য নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও জনজীবনের সংকটের কথা তুলে ধরে অবিলম্বে জনকল্যাণমূলক পদক্ষেপ নেওয়ার দাবি জানান। সমাবেশ শেষে ১০ দফা সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর হস্তান্তর করা হয়। স্মারকলিপিতে গ্যাস ও বিদ্যুৎ খাতের অনিয়ম দূর করা, অযৌক্তিক মূল্যবৃদ্ধি প্রত্যাহার এবং ভুতুড়ে বিদ্যুৎ বিল সংশোধনের জোরালো দাবি জানানো হয়েছে।

পাশাপাশি বাজারে সিন্ডিকেট ও কালোবাজারি রোধে কঠোর নজরদারি, নিম্ন আয়ের মানুষের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণ এবং জাতীয় সংলাপের উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। কর্মসূচিতে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আসা বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী অংশ নেন। শান্তিপূর্ণ এই কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল।