আগস্ট ২১, ২০২৬, ০৮:৪১ পিএম
সাংবাদিক ইলিয়াস হোসেন ও লেখক-অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যকে নিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি ও প্রতিমন্ত্রী নুরুল হক নূরের একটি ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। সম্প্রতি ইলিয়াস হোসেন কর্তৃক নূরকে নিয়ে একটি অনুসন্ধানী ভিডিও প্রকাশের পর নিজের ফেসবুক পেজে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।সামাজিক মাধ্যমে পিনাকী ও ইলিয়াসের সমালোচনা করে তাদের `ভাড়াটে ইউটিউবার` হিসেবে অভিহিত করেছেন নুরুল হক নূর।
শুক্রবার (২১ আগস্ট) দেওয়া পোস্টে নূর অভিযোগ করেন, এসব ইউটিউবার ভিউ ও ডলার কামানোর নেশায় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে আজেবাজে কথাবার্তা এবং গুজব ছড়াচ্ছেন। তিনি তার সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের এই ইউটিউবারদের কথার গুরুত্ব না দিয়ে এড়িয়ে চলার আহ্বান জানান। নুরুল হক নূরের দাবি, এসব ভিডিওর রিঅ্যাকশন ও কমেন্ট তাদের ব্যবসার পুঁজি হিসেবে কাজ করে, যা তারা এজেন্ট হিসেবে বিভিন্ন স্বার্থ হাসিলে ব্যবহার করে।
ফেসবুক পোস্টে তিনি আরও অভিযোগ করেন যে, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানসহ রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের নিয়েও এসব ইউটিউবার অপপ্রচার চালাচ্ছেন। তার মতে, তারা দেশের বাইরে থাকায় সরাসরি আইনগত ব্যবস্থা নেওয়া কঠিন, তবে তাদের কোনো মন্তব্যের রিপ্লাই না দিয়ে উপেক্ষা করাই শ্রেয়। পোস্টের শেষে তিনি ওই ইউটিউবারদের ‘আবর্জনার ভাগাড়’ হিসেবে আখ্যা দিয়ে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন